দেবীচক এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা, ভাঙচুর, বোমাবাজি ও পতাকা পোড়ানোর অভিযোগ
দি নিউজ লায়নঃ খেজুরি থানার মোহাটি-দেবীচক এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা, ভাঙচুর, বোমাবাজি ও পতাকা পোড়ানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সোমবার রাতের এই ঘটনায় জখম হয়েছেন তিনজন তৃণমূল কর্মী-সমর্থক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও পুরো ঘটনাটি বিজেপির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, সোমবার বিজেপির আশ্রিত কয়েকজন দুষ্কৃতী আচমকাই এলাকায় চড়াও হয়।
দুষ্কৃতীরা তৃণমূল সমর্থকদের তিনটি দোকানে ভাঙচুর চালায়। বাধা দিতে যান তৃণমূল কর্মী নন্দদুলাল পাত্র সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। তাদের মধ্যে তিনজনকে মারধর করা হয়। একটি ক্লাবেও ভাঙচুর চালানো হয়। রাস্তার দু’পাশে টাঙানো বেশকিছু দলীয় পতাকা একজোট করে পুড়িয়ে দেওয়া হয়। এলাকার মানুষজন প্রতিরোধ করলে বোমাবাজি করতে করতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এদিকে আক্রান্ত নন্দদুলালকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ব্লক তৃণমূল সভাপতি বিমান নায়ক বলেন, এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে পুলিশকে গোটা ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
তবে পুলিস-প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে রাজনৈতিক পথেই এই সন্ত্রাসের উপযুক্ত জবাব দেব আমরা। বিজেপির জেলা সাধারণ সম্পাদক তাপস দলাই বলেন, মোহাটি-দেবীচক গ্রামে অনেকদিন ধরেই তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে এলাকা দখলের লড়াই চলছে। সেকারণেই এই ঘটনা। এসব ঘটনার সঙ্গে বিজেপি কোনও যুক্ত নয়। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।
Post a Comment