সরকারি কাজে যাওয়ার পথে রাজ্যের দুই মন্ত্রী বাম সদস্যদের অবরোধের মুখে পড়ে আটকে পড়েন
দি নিউজ লায়নঃ সরকারি কাজে যাওয়ার পথে রাজ্যের দুই মন্ত্রী বাম সদস্যদের অবরোধের মুখে পড়ে আটকে পড়েন। শনিবার দুপুরে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে বাম সদস্যরা পূর্ব নির্ধারিত নবাবহাট মোড়ের কাছে ২ নং জাতীয় সড়কের ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি পালন করেছিলেন। এই পথ ধরে যাচ্ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। গলসীতে দমকল বিভাগের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তাঁর গাড়িও আটকানো হয়। তবে কোনও হামলা হয়নি।
অন্যদিকে রাজ্যের অপর এক মন্ত্রী স্বপন দেবনাথ শনিবার বর্ধমানের বুদবুদে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে ২ নং জাতীয় সড়কের কাছে বাম সদস্যরা তাঁর গাড়ি আটকান বলে অভিযোগ। এরপর গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। মন্ত্রী স্বপন দেবনাথের গাড়ি ঘিরে ধরে স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভের মুখে দীর্ঘক্ষণ ধরে আটকে পড়েন মন্ত্রী স্বপন দেবনাথ। একইভাবে আটকে পড়েন দমকলমন্ত্রী সুজিত বসুও।
পরে বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধে আটকে পড়ে দমকলমন্ত্রী সুজিত বসু সাংবাদিকদের বলেন, ”আমরাও কৃষি আইন সমর্থন করছি না। অবরোধও সমর্থন করি না। একটা অবরোধ দিয়ে সমস্যার সমাধান হয় না। তীব্রতর আন্দোলন দরকার। তা করছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” তবে পুলিশ সূত্রে জানা যায়, এ নিয়ে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা যায়।

Post a Comment