মমতাকে জেতানোর দায়িত্ব নিন, মহিলারা ক্ষমতায় ফিরবে তৃণমূলই- “তৃণমূলের অভিযান নারীদের সম্মান” কর্মসূচিতে মন্তব্য অর্পিতার
দি নিউজ লায়নঃ কোচবিহারে মহিলা তৃণমূলের পক্ষ থেকে “তৃণমূলের অভিযান নারীদের সম্মান” এই স্লোগানকে সামনে রেখে মহিলাদের নিয়ে সম্মেলন। শীতলকুচি বিধানসভার অন্তর্গত মাথাভাঙা ১ নং ব্লকের শিকারপুর কুসুমকুমারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন আয়োজিত হয়।কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ।
এছাড়া অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, শীতলকুচির বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মজিরুল হোসেন, সহ-সভাপতি নজরুল হক, তৃণমূল কংগ্রেসের মাথাভাঙ্গা ব্লক এ সভাপতি মহেন্দ্র নাথ বর্মন, মহিলা সভানেত্রী বাসন্তী বর্মন, শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভানেত্রী মালতি পাল, রঞ্জিত অধিকারী, নিত্যজিৎ বর্মন সহ প্রমূখরা।
এদিন রাজ্যসভার সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য অর্পিতা ঘোষ বলেন, ' বিধানসভা নির্বাচনে বিশেষ করে মহিলাদের অন্তত দুই মাসের জন্য শ্রম দিতে হবে, দুমাস বাড়িতে আলু সেদ্ধ ভাত রান্না করে পুরুষদের হাতে বাড়ির দায়িত্ব দিয়ে ময়দানে নেমে পড়ুন। পুরুষদেরও বলেন আপনারা অন্তত বিধানসভা নির্বাচনে মমতাকে জেতানোর জন্য দায়িত্ব গ্রহণ করুন।’ পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি আরও বলেন, ‘বিজেপি ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এবং আবোল তাবোল বকছে।’
এদিন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, ‘১০ বছরে রাজ্যে ক্ষমতায় আসীন মমতা সরকার অভূতপূর্ব উন্নয়ন করেছে। কিন্তু বিজেপি রথযাত্রার নাম করে এলাকায় অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করছে। তৃণমূল ক্ষমতায় আসতে চলেছে সেটা শুধু সময়ের অপেক্ষা।’

Post a Comment