ব্যানার ঝুলিয়ে দাবী করা হয়েছে কুলতলি বিধানসভায় ভূমিপুত্রকেই যেন প্রার্থী করা হয়
দি নিউজ লায়নঃ বিধানসভা ভোট দোরগোড়ায়। তার আগেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর,সোনারপুর,ক্যানিং এর পর কুলতলিতে বিজেপির গোষ্ঠীদন্ধ প্রকাশ্যে চলে এল। কুলতলির জামতলা সহ গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যানার ঝুলিয়ে দাবী করা হয়েছে কুলতলি বিধানসভায় ভূমিপুত্রকে যেন প্রার্থী করা হয়। ব্যানারে লেখা কুলতলি বিজেপি পরিবারের সদস্যদের থেকে এই কথা জানানো হচ্ছে।
এর জেরে নিজেদের ঘর গোছানোর আগে কার্যত অস্বস্তিতে পড়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলা পূর্বের বিজেপি নেতৃত্ব। এদিন অনেক বিজেপি কর্মী বলেন,কুলতলিতে পুরানো বিজেপি কর্মী উত্তম হালদার নতুবা জয়নগর লোকসভার প্রাক্তন বিজেপি প্রার্থী ডঃ অশোক কাণ্ডারিকে যেন প্রার্থী করা হয় এই দাবি তোলা হয়েছে। দলবদলুদের প্রার্থী করা হলে অনেকেই বঞ্চিত হবেন। যদিও নিজেদের গোষ্ঠীদন্ধের কথা অস্বীকার করেই জেলা বিজেপির সভাপতি সুনিপ দাস বলেন,দলে কোন গোষ্ঠীদন্ধ নেই। ভুল প্রচার করে বিভ্রান্ত করা হচ্ছে।
এই প্রসঙ্গে কুলতলি যুব তৃণমূলের সভাপতি গনেশ মণ্ডল বলেন,বিজেপি নিজেদের মধ্যেই এত গোষ্ঠীদন্ধ যে প্রার্থীপদ নিয়েই নির্বাচনের আগে কোন্দল শুরু হয়েছে। মঙ্গলবার কুলতলির জালাবেড়িয়ার শুভেন্দু অধিকারীর জনসভাতে বাইরের জায়গা থেকে লোক এনে ভরাটের চেষ্টা হয়েছে বলে অভিযোগ যুব তৃণমূল নেতৃত্বের। বুধবার পাল্টা তৃণমূলের মহামিছিলের ডাক দেওয়া হয়েছে ওই এলাকাতেই।

Post a Comment