রানীবাঁধের পর বালসীতে বিজেপির আদি বনাম নব্য কোন্দল প্রকাশ্যে , দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত বিজেপি যুব নেতা
দি নিউজ লায়নঃ রানীবাঁধের পর বালসীতে বিজেপির আদি বনাম নব্য কোন্দল প্রকাশ্যে , দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত বিজেপি যুব নেতা। নির্বাচনের আগে বাঁকুড়ায় কিছুতেই গোষ্ঠীদ্বন্দ সামাল দিতে পারছেনা বিজেপি । বরং যত নির্বাচন এগিয়ে আসছে ততই দলের অন্দরের অন্তসার চেহারা বেরিয়ে আসছে বিজেপির ।প্রকাশ্যেই এক গোষ্ঠী আক্রমন চালাচ্ছে অপর গোষ্ঠীর বিরুদ্ধে ।
রানীবাঁধের পর এবার সেই একই ছবি দেখা গেল বাঁকুড়ার পাত্রসায়েরে । পাত্রসায়েরের বালসী গ্রামে নব্য বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হলেন বিজেপির যুব নেতা বুদ্ধদেব পাল । নির্মম ভাবে তাঁকে রাস্তায় ফেলে টাঙ্গি , লাঠি ও রড দিয়ে মারধর করে নব্য বিজেপি কর্মীরা পালিয়ে যায় বলে অভিযোগ । মঙ্গলবার রাতেই গুরুতর আহত ওই যুব বিজেপি কর্মীকে উদ্ধার করে স্থানীয় পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা । আঘাত গুরুতর থাকায় পরে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে বুদ্ধদেব পাল পাত্রসায়ের ব্লকের তৃনমূল পরিচালিত বালসী গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন । গত লোকসভা নির্বাচনের সময় সৌমিত্র খাঁ র হাত ধরে বিজেপি তে যোগ দেন । তখন থেকেই এলাকায় বিজেপি কর্মী হিসাবেই কাজ করে আসছিলেন বুদ্ধদেব পাল । অন্যান্য দিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় বালসী মোড়ে একটি চা এর দোকানে বসে ছিলেন বুদ্ধদেব পাল । অভিযোগ সেই সময় একদল নব্য বিজেপি কর্মী হাতে টাঙ্গি , রড ও লাঠি নিয়ে তাঁর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে । বুদ্ধদেব পাল এর মাথায় টাঙ্গির একাধিক কোপ মারা হয় বলে অভিযোগ । মারধর করার পর এলাকা ছেড়ে গা ঢাকা দেয় ওই বিজেপি কর্মীরা ।
আহত বুদ্ধদেব পাল বলেন, গত লোকসভা নির্বাচনের সময় থেকেই আমি বিজেপির হয়ে কাজ করে আসছি । আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব বিজেপি সংগঠনের সদস্য । একসময় এলাকায় সিপিএম এর হার্মাদ হিসাবে পরিচিত কয়েকজন সম্প্রতি বিজেপিতে যোগ দিয়ে আমার উপরে হামলা করেছে । বিষয়টি আমি দলের উর্ধতন নেতৃত্বকে জানিয়েছি । বিজেপি র জেলা নেতৃত্ব বিষয়টিকে দলের গোষ্ঠী দ্বন্দ বলে মানতে নারাজ । তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, জেলা সহ সারা রাজ্যে আদি বিজেপির সাথে নব্য বিজেপির সংঘাত শুরু হয়ে গেছে । এই ঘটনা তারই বহিঃপ্রকাশ । এই তো সবে শুরু । এখনো অনেক খেলা বাকি রয়েছে ।

Post a Comment