এতদিন কংগ্রেস-বিজেপিকে ফজলি আম খাইয়েছেন, এবার আমাকেও দুটো ফজলি আম খাওয়ান, মমতা - The News Lion

এতদিন কংগ্রেস-বিজেপিকে ফজলি আম খাইয়েছেন, এবার আমাকেও দুটো ফজলি আম খাওয়ান, মমতা

 


দি নিউজ লায়নঃ      মালদায় এত মানুষের জনসমাগম হয় , অথচ ভোট আসলে অংকটা অন্যরকম হয়ে যায় । লোকসভাতেও শূন্য আর বিধানসভাতে মালদায় একইরকম । এবার আর  শূন্য হাতে ফিরতে চাই না। এতদিন কংগ্রেস-বিজেপিকে ফজলি আম খাইয়েছেন। এবার আমাকেও দুটো ফজলি আম খাওয়ান। মালদা এসে জনসভায় বললেন মমতা।  একইসাথে বিজেপির রথযাত্রা নিয়ে কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন,  নির্বাচন এলেই জগন্নাথ,  বলরাম,  সুভদ্রা সাজতে চাইছে বিজেপি। 


 বিজেপিকে প্রত্যাখান করবে বাংলার মানুষ।  বুধবার মালদা জেলা ক্রীড়া সংস্থা সংলগ্ন মাঠে তৃণমূলের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভা শুরু হয় দুপুর একটা থেকে।  মুখ্যমন্ত্রী আসার কথা ছিল দুপুর তিনটায়। কিন্তু দুপুর আড়াইটা নাগাদ মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী। প্রায় ৪০০ মিটার হেঁটে মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী।  তার আগে মঞ্চে হাজির ছিলেন রাজ্যের পুরো ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ জেলার প্রথম সারির নেতানেত্রীরা। 


উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর সহ দলনেতা কৃষ্ণেন্দু চৌধুরী , নিহার ঘোষ,  বাবলা সরকার, জেলা তৃণমূলের যুব সভাপতি প্রসেনজিৎ দাস প্রমূখ। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপির মতো মিথ্যাবাদী কেউ নেই। ওরা দাঙ্গা লাগায়। আজকে উত্তরপ্রদেশ, হরিয়ানা , রাজস্থান, পাঞ্জাবের চাষিরা কাঁদছে। বাংলা চাষীদের চোখে জল নেই । কারণ, এই রাজ্যে বিজেপি সরকার নেই । চাষীদের জন্য আমরা কৃষক বন্ধু যোজনা চালু করেছি। যাতে করে ছয় হাজার টাকা করে পাবেন চাষিরা। কৃষকদের নিয়ে বিজেপি মিথ্যা কথা বলছে। ওদের কাছে কি তথ্য নেই। আসলে মিথ্যা কথা বলাটাই ওদের কাজ। বিজেপির রথযাত্রা নিয়ে কড়া সমালোচনা করেন মমতা।


 তিনি বলেন, জগন্নাথ , বলরাম, সুভদ্রাকে নিয়ে ওরা নোংরা রাজনীতি করছে। আমরা জগন্নাথের রথকে প্রণাম জানাই । আমরা এরকম রাজনীতি করি না। এখন এরা রথকে নিয়ে কেউ জগন্নাথ, কেউ বলরাম আবার কেউ শ্রীকৃষ্ণ সাজছেন। মনে রাখবেন এই রথে করে সীতা হরণ করেছিল রাবন। আমরা মনে করি হিন্দু, মুসলিম, খ্রীষ্টান, শিখ সহ বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের মতোন চলবেন। বিজেপি মানেই দাঙ্গা । আর এই দাঙ্গার উস্কানি দেওয়া হচ্ছে ওদের আসল কাজ। বাংলায় ওরা নিয়মিত আসছেন। গায়ের জোরে মমতাকে হারাতে চান। বাংলায় মমতা একা নয়।  মমতার সাথে মানুষ আছে। বিজেপি ক্ষমতায় এলে এনআরসি এবং সিএএ করবে । ওরা ভোট ভাগাভাগি করে ক্ষমতায় আসতে চাইছে। এটা হতে দেবেন না। ২০২১- এর বিধানসভা নির্বাচনে আরো বেশি আসন নিয়ে আসব।


এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন , মালদায় আমি আজ থেকে আসছি না,  বরকতদার সময় থেকেই যখন যুব কংগ্রেস করতাম, তখন থেকে আসছি। এই জেলায় উন্নয়নে তৃণমূল সরকার অনেক কাজ করেছে। উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ভুতনি সেতু তৈরি করেছি । মালদা - বালুরঘাট ট্রেন চালু করা হয়েছে। কিন্তু মালদা নিয়ে আমার অনেক দুঃখ এবং বেদনা রয়েছে। এই সরকার সকলের জন্য কাজ করছে। ১৮ বছর বয়সে যদি কেউ বিধবা হন , তাহলে পেনশন পাবে। বাজেটে এই সুবিধা করে দিয়েছি। এরকম সুবিধা অন্য কোন রাজ্যে নেই । স্কুল পড়ুয়াদের জন্য ট্যাপ কেনার ক্ষেত্রে এককালীন দশ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সরকার জনগণের সরকার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.