উত্তরাখণ্ডে তুষার ধসে নিখোঁজ মহিষাদলের ৩ শ্রমিক - The News Lion

উত্তরাখণ্ডে তুষার ধসে নিখোঁজ মহিষাদলের ৩ শ্রমিক

 


দি নিউজ লায়নঃ     উত্তরাখণ্ডে রবিবারের ভয়াবহ তুষারঝড়ে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সুদীপ গুড়িয়া(২৭), লালু জানা(৩০), বুলু জানা(২৯)। উত্তরাখণ্ডের চামোলি জেলায় কর্মরত ছিল তারা। সুদীপের বাড়ি মহিষাদলের চক- দ্বারিবেড়িয়া গ্রামে এবং লালু ও বুলুর বাড়ি লক্ষ‍্যা গ্রামে। দুর্ঘটনার পর থেকে পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়নি তাদের। তারা থাকতো উত্তরাখণ্ডের চামোলি জেলার তপোবন এলাকায়। নিখোঁজদের খোঁজে উদ্বিগ্ন  পরিবার পরিজনেরা। 


গত বছরের মার্চ মাসে উত্তরাখণ্ডের ঋষি গঙ্গা বিদ্যুৎ প্রকল্পে কাজে যান মহিষাদলের চক- দ্বারিবেরিয়া গ্রামের সুদীপ গুড়িয়া। তার সাথে যায় ঠিকাদার লালু জানা ও তার ভাই বুলু জানা। সুদীপ বাড়ির লোকজনদের বলে যায় এক বছরের মধ্যে আবার সে বাড়ি আসবে। উত্তরাখণ্ডে কাজে যাওয়ার পর প্রায় নিয়মিত ফোনে কথা হতো চক- দ্বারিবেরিয়া গ্রামে থাকা বৃদ্ধ পিতা বৈদ্যনাথ গুড়িয়া ও বেহুলা গুড়িয়ার সঙ্গে। প্রায়ই বড় দাদা প্রদীপ গুড়িয়াকে ফোন করে ভাইপোর খোঁজ নিত সুদীপ। দুর্ঘটনার আগে গত শনিবার রাতে পরিবারের সঙ্গে শেষ কথা হয় সুদীপের। 


একই ভাবে লালু ও বুলুর সাথেও শনিবার শেষ পরিবারের সঙ্গে কথা হয়। এরপর উত্তরাখণ্ডে দুর্ঘটনার পর থেকে নিখোঁজ তিনজন। উত্তরাখণ্ডের দুর্ঘটনাস্থলেই বিদ্যুৎ প্রকল্পের ভেতরে শ্রমিক হিসেবে কর্মরত ছিল তারা। রবিবার ছুটির দিন থাকলেও অতিরিক্ত পারিশ্রমিকের জন্য কাজে গিয়েছিল সুদীপ। তবে মেসে থেকে গিয়েছিলো সুদীপেরই এক সহকর্মী। তারই কথা মতো রবিবারের দুর্ঘটনার পর থেকে সুদীপের সাথে কোনরকম যোগাযোগ করা যাচ্ছে না। তিনজনেরই পরিবারের তরফ থেকে মোবাইলে বারবার যোগাযোগ করা হলেও তাদের মোবাইল বন্ধ।


 এমন পরিস্থিতিতে সুদীপ, লালু ও বুলু আগের মত সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরুক ভগবানের কাছে এখন এটাই প্রার্থনা করছেন তিনজনের পরিবার। তবে সময় যত গড়িয়ে যাচ্ছে ততই নিরাশ হয়ে পড়েছে পরিবার। ছোট ভাইকে ফিরে পাওয়ার আশা নিয়ে সুদীপের বড় দাদা প্রদীপ গুড়িয়া বলেন, "ভাইয়ের সঙ্গে গত শনিবারেও আমাদের কথা হয়েছে। ভাই বলেছিল সে ভালো আছে। খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে বলে বলেছিল সে। কিন্তু রবিবার দুর্ঘটনার পর থেকে ভাইয়ের আর কোনো খোঁজ পাচ্ছিনা। ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা ভাইকে যেন সুস্থ অবস্থায় আমরা ফিরে পাই।"

একইভাবে লালু ও বুলুর পরিবার পরিজনদের বক্তব্য, "কিছুদিন আগে কথা হয়েছে ভালো আছে বলে। এরপর রবিবারের পর থেকে আর কোনোরকম খোঁজ পাওয়া যাচ্ছে না।"


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.