পশ্চিম মেদিনীপুর জেলায় ভোট কর্মী হিসেবে প্রশিক্ষণ নেবেন ৫৩২১ জন মহিলা কর্মী
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী ২৪ ও ২৫ শে ফেব্রুয়ারি মহিলা ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে পশ্চিম মেদিনীপুর জেলা নির্বাচন আধিকারিক এর পক্ষ থেকে জানানো হয়। এবার মহিলা বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। তাই মহিলা ভোট কর্মীর সংখ্যা বেড়েছে। এবার মহিলা ভোট কর্মী হিসেবে ৫৩২১ জন মহিলা ভোট কর্মী প্রশিক্ষণ নেবেন।
তারই প্রস্তুতি চলছে মেদিনীপুর শহরে ভোট কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্রে। সেই সঙ্গে পুরুষ ভোট কর্মী হিসেবে থাকছে ২২৮৩৬ জন। যে সমস্ত আধিকারিকরা ভোট কর্মীদের প্রশিক্ষণ দেবেন তারা মেদিনীপুর কলেজে আগেই প্রশিক্ষণ নিয়েছেন। ২১০ জন আধিকারিক ভোট কর্মীদের প্রশিক্ষণ দেবেন বলে পশ্চিম মেদিনীপুর জেলা নির্বাচন আধিকারিক সূত্রে জানা যায়। এখনো বিধানসভা নির্বাচনের দিন ঘোষনা করেনি নির্বাচন কমিশন।
তা সত্ত্বেও ভোটের সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাই পুরুষ-মহিলা ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ জোরকদমে চলছে। যেকোনো দিন নির্বাচন কমিশন রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে। তাই পশ্চিম মেদিনীপুর জেলা নির্বাচন আধিকারিক এর পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

Post a Comment