পর্যটনে ভর করে কর্মসংস্থান ঘটছে পরিযায়ী শ্রমিকদের
দি নিউজ লায়নঃ দেশ জুড়ে লকডাউনের আর্থিক মন্দার মাঝেও উত্তরবঙ্গের গ্রামীন পর্যটনের ব্যাপক প্রসার। পর্যটনে ভর করে কর্মসংস্থান ঘটছে পরিযায়ী শ্রমিকদের এমনটাই জানাচ্ছেন পর্যটন বিশেষজ্ঞরা।জলপাইগুড়ি-কোচবিহার জেলাকে হেরিটেজ ট্যুরিজমের অন্তর্ভুক্ত করে পর্যটন দপ্তরের সহায়তায় চারটি ঐতিহাসিক পর্যটন সার্কিটের সংযোজন করা হচ্ছে। এবারের রাজ্য বাজেটে উত্তরের পর্যটনের ওপর সিদ্ধহস্ত ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে পর্যটনের ব্যাপক প্রসারের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
৩০০স্থানীয় ছেলেমেয়েদের সরাসরি পর্যটনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ মিলছে। বুধবার শিলিগুড়ি পর্যটন দপ্তরে সাংবাদিক বৈঠক করে পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান রাজ্য সরকারের তরফে পরিবহন পরিষেবা, সড়ক যোগাযোগের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে শিলিগুড়ি বাগডোগড়া বিমানবন্দরে সম্প্রসারনের জন্য আরও ১১০একর জমি রাজ্যের তরফে বিমানবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হচ্ছে,মেদিনীপুরের ভেতর দিয়ে শিলিগুড়ির পর্যন্ত রাস্তার সার্ভের কাজও চলছে। অন্যদিকে পর্যটনের প্রসারের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরে গ্রামীন পর্যটনের ওপর ঝোঁক বাড়ছে পর্যটকদের। তাই পর্যটন দপ্তরের সহায়তায় গাজলডোবায় দেশবিদেশের পাখিদের পর্যটকদের সামনে তুলে ধরার জন্য বার্ড ওয়্যাচিং প্রোগ্রাম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই কাজে এলাকার স্থানীয় ১৭-১৮জন বোটম্যানকে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি পর্যটন ব্যবসায়িদের তরফে রাজ বসু জানান বেশকিছু দক্ষ যুবক যুবতীদের গাইডের ভুমিকায় নিযুক্ত করে কাজে লাগানো হবে। পর্যটন দপ্তরের সহায়তায় ট্যুর অপারেটর দের নিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। একইসঙ্গে গাজলডোবা থেকে শিলিগুড়ি শালুগাড়ার বন্যপ্রাণ উদ্যান বেঙ্গল সাফারি পার্ক পর্যন্ত নির্জন অরণ্যের মাঝ দিয়ে জঙ্গল সাফারির রুটের রাস্তাটি চালু হবে। গাজলডোবায় বাইসাইকেল ট্রেকিংও চালুর প্রস্তুতি চলছে।উল্লেখযোগ্য ভাবে জলপাইগুড়ি রাজবাড়ি থেকে ময়নাগুড়ি, মান্ধাধরি, ধুপগুড়ি এবং কোচবিহার জেলার ঐতিহাসিক স্থানগুলিকে হেরিটেজ ট্যুরিজমের আওতাভুক্ত করে চারটি পর্যটন সার্কিট গড়ে উত্তরবঙ্গের পর্যটনের সঙ্গে সংযোজন করা হচ্ছে। সবমিলিয়ে এতে পর্যটন ক্ষেত্রে সরাসরি ৩০০- ৩৫০স্থানীয় আদিবাসী ও বনাঞ্চল অধ্যুষিত এলাকার নতুন যুবক যুবতীদের কর্মসংস্থান ঘটবে।

Post a Comment