গৃহবধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ গৃহবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে খণ্ডঘোষ থানার বোঁয়াইচণ্ডী এলাকায়। মৃতার নাম শম্পা হাজরা(২২)। রায়না থানার পলাশনে তাঁর বাপেরবাড়ি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগে শম্পার সঙ্গে সুরজিৎ হাজরার বিয়ে হয়েছিল। বিয়েতে চাহিদামতো পণ দেওয়া হয়েছিল। তা সত্বেও বিয়ের কিছুদিন পর থেকে শ্বশুরবাড়িতে শম্পার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। তাঁকে মাঝেমধ্যেই মারধর করা হত।
শ্বশুর তাঁর সঙ্গে অশালীন আচরণ করত। এনিয়ে প্রশাসনের নানা মহলে নালিশ জানিয়েছিলেন শম্পা। সেজন্য তাঁকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। এনিয়ে খণ্ডঘোষ থানাতেও অভিযোগ জমা পড়ে। তারপর কিছুদিন অত্যাচার বন্ধ থাকে। কয়েকমাস আগে থেকে ফের অত্যাচার শুরু হয়।
শনিবার রাতে শম্পাকে শ্বশুরবাড়ির লোকজন মারধর করে। মৃতার বাবা সন্দীপ রায় সাংবাদিকদের বলেন, মেয়ের উপর শ্বশুরবাড়িতে অত্যাচার চালানো হত। শ্বশুরবাড়ির লোকজন মেয়ের মৃত্যু সংবাদ দেয়। সেখানে গিয়ে দেখি, মেয়ের মৃতদেহ ঘরের মেঝেয় পড়ে আছে। মেয়েকে শাবল দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

Post a Comment