পাহাড়ে প্রত্যাবর্তনের পর মিরিকে আজ প্রথম জনসভা করলেন গোর্খা নেতা বিমল গুরুং
দি নিউজ লায়নঃ পাহাড়ে প্রত্যাবর্তনের পর মিরিকে রবিবার প্রথম জনসভা করলেন গোর্খা নেতা বিমল গুরুং। প্রথম জনসভা থেকেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপিকে। একই সঙ্গে তাঁর আমলে পাহাড়ে বিশেষ করে মিরিকে যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প হয়েছে তার খতিয়ান তুলে ধরেন তিনি। পানীয় জল থেকে নিকাশি ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রে পরিসংখ্যান দিয়ে তাঁর আমলে কি কাজ হয়েছে তা তুলে ধরেন গুরুঙ।
একইসঙ্গে বিনয় তামাং শিবিরকেও ঘুরিয়ে আক্রমণ করেন তিনি। তার অভিযোগ রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী পাহাড়ের জন্য প্রচুর বরাদ্দ করলেও পাহাড়ের এক শ্রেণীর নেতা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তা পাহাড়ের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। শনিবার মাঝরাতে জামুনিতে গেস্ট হাউস এ অগ্নিকাণ্ডের ঘটনার পিছনেও চক্রান্ত রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনার সঠিক তদন্তের আর্জি জানান প্রশাসনের কাছে। এদিনের সভা থেকে তিনি পরিষ্কার করে দেন বিধানসভা ভোটে মমতাকে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে লড়াই করবে গোর্খা জনমুক্তি মোর্চা। যারা এর বিরোধিতা করবে এবং বিজেপির হাত শক্ত করার চেষ্টা করবে তারা বিশ্বাসঘাতক। এই বিশ্বাসঘাতকদের পাহাড় থেকে নির্মূল করতে হবে। রাজনৈতিক ভাবে তাদের কোনো অস্তিত্ব পাহাড়ে রাখা চলবে না।

Post a Comment