ডিভিসির সেচখাল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় এক বৃদ্ধ, তার ছেলে ও জামাই গ্রেপ্তার - The News Lion

ডিভিসির সেচখাল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় এক বৃদ্ধ, তার ছেলে ও জামাই গ্রেপ্তার

 


দি নিউজ লায়নঃ    ডিভিসির সেচখাল থেকে যুবকের দেহ উদ্ধার হওয়ার ঘটনায় এক বৃদ্ধ, তার ছেলে ও জামাইকে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে শক্তিগড় থানার আমড়া এলাকায়। ধৃতদের নাম দেবু সেন, মানিক সেন ও মনোজ গুপ্তা। শক্তিগড় থানার আমড়া গ্রামের দক্ষিণপাড়ায় তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে আমড়া গ্রামের দক্ষিণপাড়ার যুবক খোকন পাকড়ে (২৯) দেবুর বাড়িতে মদ খেতে যায়।


 হামেশাই সেখানে খোকন মদ খেতে যেত। রাতে সে বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তাঁর হদিশ পাননি পরিবারের লোকজন। পরেরদিন সকালে পরিবারের তরফে শক্তিগড় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। রবিবার বেলা ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দারা গ্রামের ডিভিসি সেচখালের জলে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন। পরিবারের লোকজন সেখানে গিয়ে দেহটি খোকনের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। দেহ উদ্ধারের পর দেবু খোকনের বাড়িতে গিয়ে খোকনের সঙ্গে মদ খাওয়ার কথা স্বীকার করে।


 সে জানায়, রাতে মদ খাওয়ার পর খোকন বাড়ি চলে যায়। পরেরদিন সকালে তাঁর দেহ ঘরের সামনে পড়ে থাকতে দেখে সে। ভয় পেয়ে সে দেহটি লুকিয়ে রাখে। রাতে ছেলে ও জামাইকে দেহটি সেচখালে ফেলে দেওয়ার জন্য বলে সে। ভয় পেয়েই সে মৃতদেহ বাড়িতে লুকিয়ে রাখে বলে পুলিসকে জানায় দেবু। ঘটনার কথা জানিয়ে মৃতের দাদা বাপন পাকড়ে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে জেনে বুঝে মৃত্যু ঘটানো ও পরিকল্পনা করে প্রমাণ লোপাটের ধারায় পুলিস মামলা রুজু করে। রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে পুলিস তিন জনকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট মেলার পরই কিভাবে খোকনের মৃত্যু হয়েছে তা জানা যাবে। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হলে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.