হাসপাতালে ভর্তি প্রিন্স ফিলিপ
আন্তর্জাতিক ডেস্ক : অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ বছর বয়সী ব্রিটিশ রাজপুত্র প্রিন্স ফিলিপ। অবস্থা গুরুতর না হলেও ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপকে লন্ডনের কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজপ্রাসাদের সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, গাড়িতে করে হাসপাতালে যান প্রিন্স ফিলিপ। সেখানে ডাক্তারের পরামর্শে ভর্তি হন তিনি। গত কয়েক দিন ধরেই খানিক অসুস্থ ছিলেন তিনি। তবে এই অসুস্থতার সঙ্গে করোনাভাইরাসের সংশ্লিষ্টতা নেই। হাসপাতালে ভর্তি হলেও মানসিক ভাবে চাঙ্গা রয়েছেন তিনি। ধারনা করা হচ্ছে তিনি আগামী কয়েকদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে বিশ্রাম নেবেন।
প্রিন্স ফিলিপ হাসপাতালে থাকলেও ৯৪ বছর বয়সী রানি উইন্ডসর প্রাসাদেই থাকছেন। প্রিন্স ফিলিপ ও তার স্ত্রী রানি এলিজাবেথ করোনা ভাইরাস মহামারির কারণে লকডাউনের সময় ইংল্যান্ডের উইন্ডসর প্রাসাদেই ছিলেন। গত মাসে ব্যক্তিগত চিকিৎসকের সাহায্যে করোনা ভ্যাকসিন নিয়েছেন এই দম্পতি।

Post a Comment