বরিশালে যাবেন নরেন্দ্র মোদী
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে সুগন্ধা শক্তিপীঠ পরিদর্শনে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপমহাদেশের ৫১টি শক্তি পীঠের অন্যতম এটি। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল বরিশালের উজিরপুরের শিকারপুরে সুগন্ধা শক্তিপীঠ পরিদর্শন করেছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এ তীর্থ স্থান পরিদর্শন করেন। নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে হাইকমিশনের ওই প্রতিনিধি দল শুক্রবার সুগন্ধা শক্তিপীঠ পরিদর্শনে যান বলে জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি দলের পরিদর্শনের তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রণিতি বিশ্বাস। এ ব্যাপারে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ‘মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিকারপুরে সুগন্ধা শক্তিপীঠ পরিদর্শনে আসবেন। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি। মোদীর পরিদর্শনে আসা উপলক্ষে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি দল সুগন্ধা শক্তিপীঠ ঘুরে গেছেন।’

Post a Comment