প্রসূতিদের ভরতি না নেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ প্রসূতিদের ভরতি না নেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। ঘটনার জেরে হাসপাতালের বাইরে বিক্ষোভে শামিল হন রোগীর পরিবার। মঙ্গলবার সকালে ওই হাসপাতালে যান বিদিশা চক্রবর্তী, আয়েশা খাতুন-সহ ১০ জন অন্তঃসত্ত্বা মহিলা। অভিযোগ, হাসপাতালের তরফে রোগীর পরিবারের সদস্যদের বলা হয়, চিকিৎসার পরিকাঠামো না থাকায় ভরতি নেওয়া সম্ভব নয়।
রোগীর পরিবারকে পরামর্শ দেওয়া হয় অন্য হাসপাতালে যাওয়ার। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। হাসপাতাল চত্বের শুরু হয় বিক্ষোভ। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। অশান্তির মাঝে পড়ে অসুস্থ হয়ে পড়েন অন্তঃসত্ত্বারা। বাধ্য হয়ে পরিবারের তরফে তাঁদের বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়।
কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডাঃ নবারুন গুপ্ত সাংবাদিককে বলেন, “প্রসূতিদের ভরতি নিয়ে একটা সমস্যা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যেসব রোগীদের ভরতি না নিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রত্যেককে হাসপাতালে ভরতি করা হবে। একটা ভুল বোঝাবুঝির জন্য এই ঘটনা ঘটেছে।”

Post a Comment