২১ পদের রান্না করে বাংলার জামাইকে খাইয়ে বিদায় করবে মহিলারা- চন্দ্রিমা - The News Lion

২১ পদের রান্না করে বাংলার জামাইকে খাইয়ে বিদায় করবে মহিলারা- চন্দ্রিমা

 


দি নিউজ লায়নঃ    বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেছেন তিনি নাকি বাংলার জামাই। শুনেছি উনি খুব পেটুক।বাংলায় আসলে তার মানুষের বাড়িতে খাওয়ার ইচ্ছা হয়। আর ভোট আসলেই এই জামাইয়ের শ্বশুর বাড়ির কথা মনে পড়ে। এবারে যে রকম মনে পড়েছে। তবে এবারে বাংলার মহিলারা ২১ পদের রান্না করে ওই জামাইকে খাইয়ে বাংলা থেকে বিদায় করবে। শনিবার বাগনানের বাঙালপুর পঞ্চায়েত সংলগ্ন মাঠে বাগনান কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে রাজনৈতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে কটাক্ষ করে এই কথা বলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।


এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যারা আন্দোলন নিয়ে এত কথা বলছেন তাদের জানা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় প্যারাসুটে নামেননি বা লিফটেও ওঠেননি। তিনি আন্দোলন করে মানুষের আস্থা নিয়ে ২০১১ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছেন সেই রকম স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে মহিলাদের সম্মানিত করেছেন।আয়ুষ্মান ভারত কে কটাক্ষ করে তিনি বলেন ভূগোলের পরীক্ষার দিন ইতিহাসের টুকলি নিয়ে গেলে একজন পরীক্ষার্থী যেরকম বিপদে পড়েন কেন্দ্র সেই রকম অবস্থা হয়েছে। কিষান সম্মান নিধি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন চন্দ্রিমা। তিনি বলেন রাজ্যে ৭৭ লক্ষ কৃষক থাকলেও কেন্দ্রের এই প্রকল্পে শুধুমাত্র প্রান্তিক চাষীরাই উপকৃত হবেন তাও আবার হেক্টরপতি ১২১৪ টাকা। যেখানে কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী হেক্টরপ্রতি চাষীদের ৫ হাজার টাকা করে দিচ্ছেন যেটা এবারের বাজেটে ৬ হাজার টাকা করা হয়েছে। বহিরাগত প্রসঙ্গে এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যারা বাংলায় কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাসী নয়, যারা বাংলার ৪২ হাজার গ্রাম চেনে না, ২৩ টা জেলাকে জানে না শুধুমাত্র ভোটের সময় বাংলায় আসে আমরা তাদের বহিরাগত বলেছি।


অন্যদিকে এদিন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা অভিযোগ করেন বাম আমলে রাজ্যের আইসিডিএস সেন্টার গলি রাজনৈতিক আখড়ায় পরিণত হয়েছিল। যদিও ২০১১ সালে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পরিবর্তন ঘটিয়েছেন। এদিন তিনি অভিযোগ করেন আইসিডিএস এর জন্য কেন্দ্র সময়মত টাকা দিচ্ছেনা। এদিন তিনি বলেন নেতারা বিক্রি হয় কর্মীরা বিক্রি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী থেকে নেতা তৈরি করেন। সুতরাং তিনি আবার নেতা তৈরি করবেন।


এদিনের এই সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন, বাগনান কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অন্তরা সাহা, বাগনান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন সহ অন্যান্যরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.