রেললাইনের পাশে বসবাস করা প্রায় ২০০টি পরিবারকে উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে রেল - The News Lion

রেললাইনের পাশে বসবাস করা প্রায় ২০০টি পরিবারকে উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে রেল

 


দি নিউজ লায়নঃ     রেললাইনের পাশে বসবাস করা প্রায় ২০০টি পরিবারকে উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে রেল। সেখানকার বাসিন্দাদের জিনিসপত্র নিয়ে শান্তিপূর্ণভাবে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। অন্যথায় রেল ঘরবাড়ি ভেঙে দিয়ে উচ্ছেদ করবে বলে নোটিশে জানানো হয়েছে। ঘটনা বর্ধমান ও গাংপুরে রায়নগর এলাকায়। ২ মার্চ সকাল ১০ টায় উচ্ছেদ পর্ব চালানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। নোটিশের কপি জেলা শাসক,  পুলিস সুপার ও মহকুমা শাসক (উত্তর ) সহ প্রশাসনের নানা মহলে পাঠানো হয়েছে। 


রেলের এই নোটিশে চরম দুশ্চিন্তায় পড়েছেন বাসিন্দারা। কোভিড পরিস্থিতিতে তাঁরা কোথায়  যাবেন তা ভেবে পাচ্ছেন না। মাথা থেকে ছাদ চলে যাওয়ার দুশ্চিন্তায় তাঁদের ঘুম উড়ে গিয়েছে। প্রশাসনের নানা মহলে চিঠি দিয়েছেন তাঁরা। বর্ধমানের মহকুমা শাসক (উত্তর) দীপ্তার্ক বসু সাংবাদিককে বলেন, “রেলের নোটিশ পেয়েছি। এব্যাপারে আমাদের কিছু করণীয় নেই। আইন শৃঙ্খলার সমস্যা দেখা দিলে ম্যাজিস্ট্রেট পাঠানো হবে।“


 পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক বলেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনও ভাবেই রেলকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। এধরণের সিদ্ধান্ত অত্যন্ত অমানবিক। সর্ব শক্তি দিয়ে উচ্ছেদ রোখা হবে। এব্যাপারে রেলের সঙ্গে আলোচনা করা হবে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য সুরিন্দর সিং অহলুবালিয়া বলেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে কাউকে উচ্ছেদ করা যাবে না। আমরা বাসিন্দাদের পাশে আছি। এনিয়ে রেলের সঙ্গে আলোচনা করব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.