অসুস্থ লোধা কিশোরের পাশে দাঁড়ালেন সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া
দি নিউজ লায়ন ; বাল্যকালে মা-বাবাকে হারিয়েছিল। দুবেলা খাবার জোটে না। লোধা জনজাতির হওয়া সত্ত্বেও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এক কিশোর গলার বিশালাকার টিউমারে ভুগছিল ।এলাকার এক হোমিওপ্যাথি চিকিৎসকের হাত ধরে রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভূঁইয়ার কাছে যাওয়ার পরে তার অস্ত্রোপচারের ব্যবস্থা হয়েছে। ভীম ভক্তা নামে সবং ব্লকের বেনেদিঘি গ্রামের বাসিন্দা ওই কিশোর এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। গত ৫ ফেব্রুয়ারি ৪ ঘন্টার অস্ত্রপচার হলেও চিন্তা মেটেনি।
অস্ত্রোপচার পরবর্তী পরীক্ষায় তার ক্যান্সার ধরা পড়েছে। সেই চিকিৎসা শুরু হয়েছে ।ওই কিশোর এর পরিবার সূত্রে জানা গেছে ২৫ জানুয়ারি স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক বুদ্ধদেব দাস কে নিয়ে সবং ব্লকের বাসিন্দা রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভূঁইয়ার কাছে গিয়েছিলেন ।তারপর এসএসকেএমের শল্যচিকিৎসক দিপ্তেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করেন মানস ভুঁইয়া।
এরপরেই ওই চিকিৎসকের অধীনে এসএসকেএম-এ চিকিৎসা করা হয়। ভবিষ্যতেও ওই কিশোরের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাংসদ মানস ভুঁইয়া। রাজ্য সরকারের ব্যবস্থাপনায় তার চিকিৎসা চলছে।
আগামী দিনেও যাতে ওই লোধা কিশোর সরকারি সুযোগ সুবিধা পায় তার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে মানস ভুঁইয়া জানিয়েছেন। খড়্গপুর মহকুমার মহকুমা শাসক আজমল হোসেন জানান সাংসদ মানস ভুঁইয়া ওই লোধা কিশোর সম্পর্কে জানিয়েছেন ।সে যে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য তার ব্যবস্থা করে দেওয়া হবে।

Post a Comment