রেললাইনের উপর থেকে উদ্ধার এক মহিলা কনস্টেবলের মৃতদেহ
দি নিউজ লায়ন ; রবিবার সকালে খড়গপুর- টাটানগর রেললাইনে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া স্টেশন সংলগ্ন রেললাইন থেকে এক মহিলা কনস্টেবলের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে রেল পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম পুলিস মর্গে পাঠানো হয়েছে । মানিকপাড়া স্টেশনের জিআরপিএফ সূত্রে জানা যায় মৃত মহিলা কনস্টেবলের নাম সুষমা মাহাতো ( ৩৬) ।
তিনি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানায় কর্মরত ছিলেন । ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের মানিকপাড়া রেল স্টেশন সংলগ্ন কুসুমঘাঁটি গ্রামে ওই মহিলা কনস্টেবলের শশুর বাড়ি । তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন এবং সেখান থেকেই সাঁকরাইল থানায় ডিউটির জন্য যাতায়াত করতেন । মহিলা কনস্টেবলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট ধন্ধে রয়েছে জিআরপিএফ ।
তবে জিআরপিএফ এর প্রাথমিক অনুমান এটি আত্মহত্যা নয় খুন হলেও হতে পারে । কারণ, মাথা ,পা , হাত সব শরীর থেকে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ছিল । ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম রেল স্টেশনের জিআরপিএফ।
সুষমা মাহাতোর বাবার বাড়ি সাঁকরাইল থানার অন্তর্গত টিয়াকাটি গ্রামে । জানা যায় যে এখনো পর্যন্ত তার বাবার বাড়ির পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ জানানো হয়নি । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে মানিকপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment