প্রেমিক-প্রেমিকাদের ঘুরতে দেখলেই কড়া ব্যবস্থা, বজরং দলের হুমকি পোস্টারে তীব্র চাঞ্চল্য হুগলিতে
দি নিউজ লায়ন ; সরস্বতী পুজোর দিন প্রেমিক-প্রেমিকাদের ঘুরতে দেখলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা- ভ্যালেন্টাইন্স ডের পর এবার সরস্বতী পুজো। বজরং দলের হুমকি পোস্টারে তীব্র চাঞ্চল্য ছড়ালো হুগলির উত্তরপাড়া, হিন্দমোটর এবং কোন্নগরের একাধিক এলাকায়। হুমকি পোস্টারে বলা হয়েছে, সরস্বতী পুজো যত দিন যাচ্ছে পাশ্চাত্যের ভ্যালেন্টাইন্স ডে তে পরিণত হচ্ছে। হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন ছাত্র-ছাত্রীরা। এই সংস্কৃতি কোনমতেই বরদাস্ত করা হবে না। সরস্বতী পুজোর দিন যদি কোন যুগলকে হাত ধরাধরি করে ঘুরে বেড়াতে যদি দেখা যায় তবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে।
প্রয়োজনে এ বিষয়ে নতুন আইন আনা হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে কোন্নগর,হিন্দমোটর এবং উত্তরপাড়ার প্রায় ৫ কিলোমিটার এলাকায় বিভিন্ন গঙ্গার ঘাটে এই পোস্টার দেখা যায়। শ্রীরামপুর এবং শেওড়াফুলির কয়েকটি এক জায়গাতেও একই পোস্টার পড়ে। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হুগলি জেলা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।পোস্টার গুলিকে বাজেয়াপ্ত করা হয়। তৃণমূল নেতা তথা হুগলি জেলার তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন, 'বিভেদ সৃষ্টির জন্যই এই ধরনের পোস্টার দেওয়া হচ্ছে। এর কোন গুরুত্ব নেই।
প্রশাসন বিষয়টি দেখছে। যারা কোনোদিন ক্ষমতায় আসবে না তারা আবার কি আইন প্রণয়ন করবে। বাংলার সংস্কৃতির সঙ্গে সরস্বতী পুজো ওতপ্রত ভাবে জড়িত।ছাত্রছাত্রীরা, সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন। যে যার মত ভাবে এই উৎসবে অংশ নেবেন। কারো চোখ রাঙ্গানি বরদাস্ত করা হবে না। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ভয়ের পরিবেশ সৃষ্টি করতে এই ধরনের পোস্টার দেয়া হচ্ছে। গোটা ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি।
শ্রীরামপুরের তৃণমূল নেতা তথা কাউন্সিলর সন্তোষ সিং অভিযোগ করেন, শুধু গঙ্গার ঘাটে নয় বিভিন্ন সামাজিক মাধ্যমে বজরং দলের ব্যানারে হুমকি দেয়া হচ্ছে ছাত্র-ছাত্রীদের। এই ধরনের ঘটনা কোনমতেই বরদাস্ত করা হবে না। প্রশাসন কারা এই ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক। চাপের মুখে বিজেপির শ্রীরামপুর শাখার শ্যামল বসু বলেন, ' বজরং দল স্বাধীন সংগঠন তারা তাদের মত প্রচার চালায় এর সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই ওরা কি পোস্টার দিয়েছে জানিনা।'
এরপরই অবশ্য বজরং দলের অবস্থানকে সমর্থন করে তিনি জানান সরস্বতী পুজোয় ছাত্রছাত্রীরা স্কুলে কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ-উৎসব করতেই পারে কিন্তু তাকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে দেখা ঠিক নয় এর বিরুদ্ধে যদি কোন প্রচার হয় তবে তার সঙ্গে আমরা সহমত পোষণ করি।

Post a Comment