বারুইপুরে চুরি চক্রের পান্ডা সমেত ৪ দুষ্কৃতী গ্রেপ্তার
দি নিউজ লায়নঃ দীর্ঘদিন ধরে বারুইপুরের বিভিন্ন এলাকায় বাড়ছিল চুরি। অবশেষে পুলিশের তৎপরতায় ধরা পড়ল চক্রের পান্ডা সমেত চার দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বারুইপুরের শাসন রেলগেট সংলগ্ন এলাকা থেকে চারজনকে ধরে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের নাম রাজু পাসোয়ান,মনিরুল মোল্লা,নাজমু গাজি,রহমান মোল্লা। অভিযুক্তদের বাড়ি ক্যানিং,জীবনতলা।
এদের মঙ্গলবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে লোহার কাটার মেশিন,বাড়ির গেট,আলমারি ভাঙার প্রচুর সরঞ্জাম। উদ্ধার হয়েছে চুরির বড় টিভি,একটা সেট হোম থিয়েটার,একটা মিক্সার,এমারজেন্সি লাইট,একটা ফ্যান,দুটো রুপোর চামচ,একটি রুপোর পেন,বিদেশি মুদ্রা।
পুলিশ জানিয়েছে,এদের পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ অন্যদের সন্ধানে তল্লাশি চালাবে। এরা গত একবছর ধরে বারুইপুর,সোনারপুর ও নরেন্দ্রপুর এলাকাতে বিভিন্ন বাড়িতে চুরি করে বেড়াচ্ছিল। সোমবার রাতে শাসন এলাকাতে চুরির জন্য জড় হয়েছিল।

Post a Comment