অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন বারুইপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের আইনজীবীরা
দি নিউজ লায়নঃ নানা দাবি-দাওয়া নিয়ে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন বারুইপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের আইনজীবীরা। পর্যাপ্ত আদালত কক্ষ ও বিচারক না থাকার কারণে বিচারপ্রার্থীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। এমনই অভিযোগ তাঁদের। শুধু তাই নয় এফিডেভিট নিয়েও হয়রানির শিকার হচ্ছেন বহু মানুষ। এসবের কারণেই আন্দোলনে শামিল হয়েছেন আইনজীবীরা। পরিকাঠামোগত খামতি দূর করার দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আন্দোলনরত আইনজীবীদের একাংশের বক্তব্য, সরকারি নথিতে ভুলত্রুটি সংশোধনের জন্য অনেকেই আদালতে হলফনামা জমা দিয়েছেন। কিন্তু সেটির তারিখ পেতেই কমপক্ষে আড়াই তিন সপ্তাহ লেগে যাচ্ছে। যার ফলে অনেকেই দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করতে পারছেন না। কারণ তাঁদের নথি সংশোধন হয়নি। বারুইপুর আদালতের অধীনে ১১টি থানা রয়েছে। ফলে মামলাও কম হয় না এখানে। অথচ নানা পরিকাঠামোগত সমস্যায় ভুগছে সেটি। যত সংখ্যক আদালত কক্ষ এবং বিচারক থাকার কথা এখানে, তা নেই। সে কারণে দিনের পর দিন মামলার পাহাড় জমছে এখানে। একটি মামলার তারিখ পেতেই লেগে যাচ্ছে অনেক সময়। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনিরুদ্ধ আলম বলেন, সামান্য হলফনামার আবেদন করার পর একজন ব্যক্তিকে তারিখ দেওয়া হচ্ছে অন্তত দুই থেকে তিন সপ্তাহ পর। এই সব সমস্যা যাতে দ্রুত মেটানো যায় সেই দাবি করা হয়েছে। দাবি না মেটা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।
আইনজীবীদের একাংশের বক্তব্য, এই আদালতের সমস্যা নিয়ে বহু জায়গাতেই চিঠি দেওয়া হয়েছে। কী কী প্রয়োজন রয়েছে এখানে তারও দাবিপত্র দেওয়া হয়েছিল। কিন্তু এতদিনেও তা মেটানো যায়নি। অথচ বারুইপুরে পড়ে যেসব কোট হয়েছে সেখানে পর্যাপ্ত পরিকাঠামো গড়ে উঠেছে। এখানকার মানুষকে পরিষেবা দিতে নাজেহাল অবস্থা হচ্ছে। তবে এভাবে কর্মবিরতি চললে আরও হয়রানির মুখে পড়তে পারেন বিচারপ্রার্থীরা বলে মনে করছে ওয়াকিবহল মহল।

Post a Comment