স্বাস্থ্য সাথী কার্ডে মেটানো হল হাসপাতালে দু'লক্ষ টাকার বিল
দি নিউজ লায়নঃ বিধায়কের উদ্যোগেই মাত্র কয়েকদিনের মধ্যে হাতে এলো স্বাস্থসাথী কার্ড। আর তা দিয়েই বয়স্ক মহিলার হাসপাতালে চিকিৎসার জন্য প্রায় দু লক্ষ টাকার বিল মেটানো হলো। স্বাস্থ্যসাথী কার্ডের জন্যই এবার হাসপাতালে ভালো চিকিৎসা পেয়ে বাড়ি ফিরছেন দীপ্তি বোস। এতো কম সময়ের মধ্যে হাতে স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে আবেগে আপ্লুত মহিলার পরিবার।
বৃহস্পতিবার সকালে সোনারপুর দক্ষিণের বিধায়ক জীবন মুখোপাধ্যায় মহিলার পুত্রবধূ শান্তা বোসের হাতে স্বাস্থসাথী কার্ড তুলে দেন। ওই কার্ড হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শান্তাদেবী। জানান, এই কার্ড হাতে পাওয়ার ফলে কতটা উপকৃত হলাম তা বলে বোঝাতে পারবো না। শ্বাশুড়ি মা দীপ্তি বোস আচমকাই গত শনিবার হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে ভর্তি করা হয় সোনারপুরের ইস্পাত কো অপারেটিভ হাসপাতালে। সেখানে প্রচুর টাকা চিকিৎসা খরচ হিসাবে বিল হতে থাকে। ছুটে আসি বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের কাছে।
তাঁকে সমস্ত বিষয় জানাই। তিনি দ্রুত উদ্যোগ নেন স্বাস্থ্য সাথী কার্ডের। তাঁর উদ্যোগেই মাত্র ৪ দিনের মধ্যে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি হয়ে যায়। আজ তিনি নিজে সেই কার্ড আমার হাতে তুলে দিলেন। এই জন্য তাঁকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তাঁদের এই কার্ডের জন্যই শ্বাশুড়ি মা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন।
বিধায়ক জীবন মুখোপাধ্যায় জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু করে সাধারণ মানুষের অতিব উপকার করেছেন। এই কার্ডে অন্তর্ভূক্ত থাকলে তাঁদের হাসপাতালের চিকিৎসা বাবদ খরচা সম্পূর্ণ মুক্ত। ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। তাই বিরোধী সিপিএম ও বিজেপি কর্মীদেরও বলবো আপনারাও স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে রাখুন। আপনারাও উপকৃত হবেন।

Post a Comment