ভাটপাড়ায় গুলি করে খুন
দি নিউজ লায়নঃ জগদ্দলে এক ব্যক্তিকে গুলি করে খুন।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ভাটপাড়া থানা এলাকার জগদ্দলের কলাবাগানে। মৃতের নাম অনুপ চৌধুরী (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত পরিচয় দুই দুষ্কৃতী বাইকে করে এসে অনুপকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে তার বুক এবং পেটে।
গুলি চালানোর আগে অনুপকে ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ।আশঙ্কাজনক অবস্থায় অনুপকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই রাতে মৃত্যু হয় তার। ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এলাকা দখলের লড়াই এর জেরেই এই খুন।
এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, বেশ কয়েকজন দুষ্কৃতীর নাম এই ঘটনায় পাওয়া গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি যে ব্যক্তি খুন হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুষ্কৃতীদের লড়াইয়ে এই গুলি চালানোর ঘটনা ঘটে এবং ওই ব্যক্তি খুন হন।প্রত্যক্ষদর্শী কেউ রয়েছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে।

Post a Comment