বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেপ্তার এক ব্যক্তি
দি নিউজ লায়নঃ এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর তাঁকে বিয়ে না করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। বাড়ি নবদ্বীপের বৈদিক পাড়া মহিরাবন তলার বাসিন্দা ওই ব্যক্তি একটি সোনা-রূপোর দোকানে কারিগরের কাজ করেন। ধৃত ব্যক্তির নাম কিংশুক কর্মকার। তাঁর বিরুদ্ধে নবদ্বীপ আদালতে গত ৩১ ডিসেম্বর একটি লিখিত অভিযোগে এক মহিলা জানিয়েছেন কিংশুক কর্মকারের সঙ্গে বেশ কিছুদিন যাবত সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। সোনা-রূপোর কারিগর ওই ব্যক্তির সঙ্গে প্রায় দু’বছর ধরে ক্রমশ ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ছিলেন তিনি।
অভিযোগ সেই সম্পর্কের সুত্রধরেই তাঁকে বিয়ের করার প্রতিশ্রুতি দেন ওই ব্যক্তি। এরপর উভয়ের মধ্যে শারিরীক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরে কিংশুক ওই মহিলাকে বিয়ে করতে অস্বীকার করেন। এরপরই গত ৩১ ডিসেম্বর ওই মহিলা কিংশুক এবং তার বাবা, মা সহ পরিবারের মোট আটজনের বিরুদ্ধে নবদ্বীপ আদালতের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩১৩, ৩২৩, ৪৫৪, ৪০৬, ৪২০ প্রভৃতি ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠান হলে, বিচারক অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
নির্যাতিতা মহিলা জানিয়েছেন তিনি বিবাহবিছিন্ন। তাঁর অভিযোগ, অভিযুক্ত যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কের জেরে তিনি অন্তঃস্বত্বা হয়ে পড়লে তাঁকে সন্তান নষ্ট করতেও বাধ্য করা হয়। মঙ্গলবার অভিযোগকারিনী আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দীও দিয়েছেন। যদিও এই অভিযোগ প্রসঙ্গে ধৃত কিংশুক কর্মকার তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমায় ও বাবা, মাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।”

Post a Comment