নতুন সোনার দোকান খোলার ১২ দিনের মধ্যেই দুঃসাহসিক চুরি - The News Lion

নতুন সোনার দোকান খোলার ১২ দিনের মধ্যেই দুঃসাহসিক চুরি

 


দি নিউজ লায়নঃ   নতুন দোকান খোলার ১২ দিনের মধ্যেই মঙ্গলবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল সোনারপুরের চম্পাহাটি সাহেবপুরে এক সোনার দোকানে। বৈদ্যুতিক পোস্টে বিদ্যুতের তার কেটে দিয়ে এই কান্ড করা হয়। এর জেরে এলাকায় চাঞ্ছল্য ছড়িয়েছে। অভিযোগ,দোকানের সাটার গ্যাস কাটার দিয়ে কেটে কোলাপসেবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে দোকানের ভল্ট ভেঙে নগদ ৬০-৭০ হাজার টাকা সমেত প্রায় ৫০০ গ্রাম সোনার গয়না যার বাজারদর ২৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।


 বুধবার সকালে ঘটনা জানাজানি হতে মালিক এসে জানতে পারেন এই ঘটনা। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিস জেলার স্পেশাল অপারেশন গ্রুপের পুলিস এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছে। দোকান থেকে প্রায় ৫০ মিটার দূরে মাঠে একটি নির্মীয়মাণ বাড়ির সামনে এদিন সকালে পুলিস দুটি সোনার আংটি সহ কিছু শাঁখা-পলা উদ্ধার করে। পাওয়া যায় ভোল্ট খোলার কিছু সরঞ্জাম। উদ্ধার হওয়া সবকিছুই ফরেনসিক পরিক্ষার জন্য পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।  স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কালিকাপুর ২ পঞ্চায়েতের কাছেই গলির মধ্যে এই গোল্ড জুয়েলারি হাউস সোনার দোকান। ১ জানুয়ারি এই দোকান চালু করেন সোনারপুর থানা এলাকার বাসিন্দা অজয় মন্ডল।


 তিনি বলেন,মঙ্গলবার রাত ৮ টায় দোকান বন্ধ করে চলে যাই। বুধবার সকাল ৭ টা নাগাদ প্রতিবেশী দোকানদারের কাছ থেকে জানতে পারি এই চুরি হয়েছে। এসে দেখি দোকানের ভিতর লন্ডভন্ড করা হয়েছে। রুপোর গয়না,ইমিটেশনের গয়না বাদ দিয়ে প্রায় ৫০০ গ্রাম সোনার গয়না ভল্ট ভেঙ্গে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ভোল্টেই নগদ ৬০-৭০ হাজার টাকা ছিল। তাও খোয়া গিয়েছে। এমনকি দোকানের ভেতর তিনটে সিসিটিভি ও বাইরের দুটো সিসিটিভির হার্ড ডিস্কও খুলে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,পঞ্চায়েত থেকে গলিতে আলোর ব্যবস্থা করা হয় না। কোন নজর দেওয়া হয় না নিরাপত্তায়। পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান, আগে থেকে রেইকি করে এই চুরি করা হয়েছে। কোন পরিচিতজনের যোগ থাকতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.