গায়ে আগুন লাগিয়ে স্ত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনায় গ্রেপ্তার স্বামী - The News Lion

গায়ে আগুন লাগিয়ে স্ত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনায় গ্রেপ্তার স্বামী

 


দি নিউজ লায়নঃ   গায়ে আগুন লাগিয়ে স্ত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনায় পুলিস স্বামীকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে মেমারি থানা এলাকায়। ধৃতের নাম রজব আলি মল্লিক। মেমারি থানার সিমলা গ্রামে তার বাড়ি। পুলিস জানিয়েছে, ঘটনার ১৩ বছর আগে মেমারি থানারই শোভনা গ্রামের মোবারক শেখের মেয়ে লুৎফান্নেশার সঙ্গে রজবের বিয়ে হয়েছিল। বিয়েতে চাহিদামতো পণ দেওয়া হয়। তা সত্বেও বিয়ের কিছুদিন পর বাপেরবাড়ি থেকে আরও টাকা আনার জন্য চাপ দেওয়া হয় লুৎফান্নেশাকে।


 তা না দেওয়ায় শ্বশুরবাড়িতে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। লুৎফান্নেশার দু’টি মেয়ে আছে। মেয়েদের জন্মের পর তাঁকে বাপেরবাড়ি থেকে ফের টাকা আনার জন্য বলা হয়। তা দিতে না পারায় তাঁর উপর ফের অত্যাচার শুরু হয়। অত্যাচার সহ্য করতে না পেরে বছর দেড়েক আগে তিনি বাপেরবাড়িতে চলে এসেছিলেন। পঞ্চভদ্রের উপস্থিতিতে তাঁর বাপেরবাড়ি থেকে দু’দফায় ১ লক্ষ টাকা দেওয়া হয়। তারপর তাঁকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়ে যায় তাঁর স্বামী। শ্বশুরবাড়িতে ফেরার পর আবার তাঁর উপর অত্যাচার শুরু হয়। 


তা সহ্য করতে না পেরে গত ৭ নভেম্বর তিনি শ্বশুরবাড়িতে গায়ে আগুন লাগিয়ে নেন। তাঁকে মেমারি হাসপাতালে ভরতি করা হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ১২ নভেম্বর তিনি মারা যান। মৃতার বাবা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। এরপর সোমবার গভীর রাতে বাড়ি থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.