দুর্গাপুর ব্যারেজে ঝাঁপ দিয়ে আত্মহত্যা দম্পতির
দি নিউজ লায়নঃ একটি ওড়নার দুদিক দিয়ে নিজেদের কোমর বেঁধে দুর্গাপুর ব্যারেজের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক দম্পতি। মৃত ওই দম্পতির নাম সৌরভ মুখার্জী (২৭)ও রুম্পা মুখার্জী (২৪)। বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে বছর দুই আগে ভালোবেসে বিয়ে হয়েছিল সৌরভ মুখার্জী ও রুম্পা মুখার্জীর।
দুজনেই দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন। বাড়ি ছিল দুর্গাপুর ইস্পাত নগরীর চিত্রালয়ের কাছে। স্থানীয় সূত্রে খবর গতকাল রাত সাড়ে সাতটা নাগাদ দুজনে স্কুটিতে করে এসে দুর্গাপুর ব্যারেজের পাড়ে বসে গল্প করছিল। আচমকাই ওই দম্পতি একটি ওড়নায় দুজনের কোমর বেঁধে দুর্গাপুর ব্যারেজের জলে ঝাঁপ দেয়। বিষয়টি নজরে আসায় স্থানীয় মৎস্যজীবীরা ওই দম্পতিকে বাঁচানোর চেষ্টা করেন।
জলে হাবুডুবু খেতে থাকা দম্পতির দিকে পাড় থেকেই বাঁশ এগিয়ে দেন মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের ধারণা ওই বাঁশ ধরে খুব সহজেই দম্পতি ডাঙ্গায় উঠে আসতে পারত। কিন্তু স্থানীয়দের দাবি ওই দম্পতি ডাঙায় উঠে আসার বিন্দুমাত্র চেষ্টা করেনি। ফলে কিছুক্ষনের মধ্যেই দুর্গাপুর ব্যারেজের গভীর জলে তলিয়ে যায় দুজনে। পরে খবর পেয়ে পুলিশ দীর্ঘক্ষন দুর্গাপুর ব্যারেজের জলে তল্লাশি চালিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দাম্পত্য কলহের জেরেই এমন চরম সিদ্ধান্ত নিয়েছিল ওই দম্পতি। যদিও অন্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment