হাজার হাজার কাকের তাড়া খাওয়া পেঁচা কে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিল পেশায় গাড়ির চালক - The News Lion

হাজার হাজার কাকের তাড়া খাওয়া পেঁচা কে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিল পেশায় গাড়ির চালক

 


দি নিউজ লায়ন ;    সাত সকালেই একটি পূর্নবয়স্ক বড় আকারের পেঁচা উড়ে যাচ্ছে। আর তাকে ধরার জন্য তাড়া করছে হাজার হাজার বুভুক্ষু কাক। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে শনিবার সকালে করোনার ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতিতে যখন সকলেই তুমুল ব্যস্ত সে সময় এই দৃশ্য স্বাস্থ্য কর্মী থেকে চিকিৎসক সকলে দেখলেও সেভাবে কেউই কিছু করে উঠতে পারেননি।


 তবে এই দৃশ্য বিচলিত করে তুলেছিল বাঁকুড়া জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেনের গাড়ির চালক গৌতম পালকে। তিনি ছুটে গিয়ে কোনোক্রমে হাজার হাজার কাকের একেবারে মুখ থেকে কার্যত ছিনিয়ে আনেন বড়সড় আকারের ওই পেঁচাটিকে। উদ্ধার করে প্রাথমিক সুশ্রুষাও করেন তিনি। পরে লোকপুর বন দফতরকে খবর দেওয়া হলে বন কর্মীরা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে গিয়ে পেঁচাটিকে উদ্ধার করেন। 


পেঁচাটিকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে পেরে স্বাভাবিক ভাবেই খুশি গাড়ির চালক গৌতম পাল। তিনি বলেন, পেঁচাটি কাকের তাড়া খেয়ে উড়ে যাওয়ার সময় একটি উঁচু গাছের ডালে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়।  সময়মতো পেঁচাটির কাছে না পৌঁছাতে পারলে কাকে খুবলে পেঁচাটিকে মেরে ফেলত। গৌতম পালের এই উদ্যোগ রীতিমত প্রশংসা কুড়িয়েছে সকলের।   বন দফতর জানিয়েছে পেঁচাটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.