অসহায় হিন্দু মহিলার দেহ সৎকারে এগিয়ে এল মুসলিম ভাইয়েরা
দি নিউজ লায়নঃ অসহায় হিন্দু মহিলার দেহ সৎকারের মধ্যে দিয়ে এগিয়ে এসে সম্প্রীতির নজির রাখলো সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইয়েরা। ডোমকল মহাকুমা অন্তর্গত ঝাউদিয়ার গ্রামে ননীবালা সরকার(৮৫) নামে এক বৃদ্ধার আকস্মিক মৃত্যু ঘটে। ওই মৃতদেহ কাঁধে নিয়ে শ্মশানে পর্যন্ত পৌঁছে দিতে এগিয়ে এলেন শুকচাঁদ আলি, মহিদুল ইসলামরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝাউদিয়া গ্রামে একটিমাত্র হিন্দু পরিবার রয়েছে। বাকি সকলেই মুসলিম। তাই বার্ধক্যজনিত কারণে ওই বৃদ্ধার মৃত্যুর পর তাঁর পরিবারের লোকজন চিন্তায় পড়ে গিয়েছিলেন। কীভাবে তাঁকে শ্মশানে নিয়ে যাওয়া হবে তা নিয়ে যখন তাঁরা নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত ছিলেন সেই সময়ই এগিয়ে আসেন গ্রামের মুসলিমরা।
তাঁরা সবরকমভাবে সহযোগিতা করে ওই বৃদ্ধাকে শ্মশানে নিয়ে যান। সব কাজ শেষ করে পরিবারের লোকজনদের সঙ্গে বাড়ি ফিরে আসেন। সুকচাদ আলী বলেন,"আমরা এইভাবে দুই সম্প্রদায়ের মানুষ গ্রামের মধ্যে মিলেমিশে বছরের পর বছর ধরে রয়েছি এটাই এখানকার বৈশিষ্ট্য"।

Post a Comment