যুবককে মারধরের ঘটনায় গ্রেপ্তার তিন কর্মী
দি নিউজ লায়নঃ যুবককে মারধরের ঘটনায় বিজেপির তিন কর্মীকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতদের নাম সুরজিৎ মজুমদার, বিপ্লব বিশ্বাস ও কানাইলাল সরকার। মেমারি থানারই বিষ্ণুপুরে তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, মেমারি থানার জোতকানুর বাসিন্দা মিলন বিশ্বাস বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বর্ধমান থেকে কাজ সেরে রসুলপুর স্টেশনে নেমে হেঁটে বাড়ি ফিরছিলেন।
পথে বিজেপির কয়েকজন তাঁকে আটকায়। তাঁকে মারধর করে। এরপর টেনে হিঁচড়ে তাঁকে বিজেপির বিষ্ণুপুর পাির্ট অফিসের কাছে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাঁকে লাঠি, রড প্রভৃতি দিয়ে মারধর করা হয়। মারধরে তিনি সংজ্ঞা হারান। তাঁকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় মারধরে জড়িতরা। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিৎসক তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার কথা জানিয়ে মিলনের দাদা বিপুল বিশ্বাস থানায় অভিযোগ দায়ের করেন। জখম মিলন হিন্দু জাগরণ মঞ্চের সদস্য বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। এরপরই শুক্রবার রসুলপুর স্টেশন এলাকা থেকে পুলিস তিন জনকে গ্রেপ্তার করে। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতদের ৩ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন বিচারক।

Post a Comment