বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ভয়ঙ্কর কাণ্ড। জঙ্গলের পথে বাইসনের গুঁতোয় মৃত্যু হল বাইক আরোহী পর্যটকের
দি নিউজ লায়নঃ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ভয়ঙ্কর কাণ্ড। জঙ্গলের পথে বাইসনের গুঁতোয় মৃত্যু হল বাইক আরোহীর। হামলার মুহুর্তের ছবি ক্যামেরাবন্দি করেছেন অন্য পর্যটকরা। এর পরেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভেতর যানবাহনের গতি নিয়ন্ত্রনে কড়া ব্যাবস্থা নেওয়ার কথা ভাবছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কতৃপক্ষ। শনিবার একটি ভিডিও প্রকাশ্যে আসে।
তাতে দেখা যাচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভেতর রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী যাওয়ার রাস্তায় বালা নদীর ব্রিজের কাছে পাশাপাশি দুটি বাইকে দুই পর্যটক জয়ন্তীর দিকে যাচ্ছেন। পিছনে দুটো গাড়িতে রয়েছেন অন্য পর্যটকরা। আচমকা রাস্তার ডান দিকের জংগল থেকে একটি বাইসন বেড়িয়ে রাস্তা পারাপার করছিল। ওই সময় পেছনের মোটর বাইকে থাকা এক পর্যটককে গুঁতো দেয় বাইসনটি।
কয়েক ফুট দূরে ছিটকে পড়েন ওই পর্যটক। সূত্রের খবর, নিহত পর্যটকের নাম প্রসেনজিৎ রায়(২১)। বাড়ি আলিপুরদুয়ার লাগোয়া খোল্টা গ্রামে।আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শনিবার তার মৃতদেহের ময়নাতদন্ত হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগপ্ত বলেন, " এর পরেও মানুষ সচেতন না হলে আর কিছু বলার নেই। আমরা বার বার বলছি বনাঞ্চলে বন্য প্রানের সংখ্যা বেড়েছে। সকলকে সাবধান হতে হবে। আমরা বনাঞ্চলের ভেতর যানবাহনের গতি নিয়ন্ত্রনে কড়া পদক্ষেপ নিচ্ছি।"

Post a Comment