প্রতাপনগরে আলমারীর লকার খুলে চুরি সোনার গহনা - The News Lion

প্রতাপনগরে আলমারীর লকার খুলে চুরি সোনার গহনা

 



দি নিউজ লায়নঃ   বেশ কয়েক মাস বন্ধ থাকার পর ফের মঙ্গলবার সাত সকালে চৈতন্যভূমিতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল পৌরসভার ৫ নং ওয়ার্ডের প্রতাপনগর এলাকায়। ঘটনার তদন্তে নবদ্বীপ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, মঙ্গলবার আনুমানিক সকাল দশটা নাগাদ ৫ নং ওয়ার্ডের প্রতাপনগর ভিডিও হল পাড়ার বাসিন্দা পেশায় পাওয়ারলুম কর্মী স্বপন দেবনাথের বাড়িতে ঢুকে পড়ে শিশু সহ এক মহিলা চোর। সেই সময় স্বপন বাবুর স্ত্রী দীপা দেবনাথ রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বছর পাঁচেকের একমাত্র ছেলে সুমন দেবনাথ তখন ঘরের ভিতরে খেলছিল। স্বপন বাবুর স্ত্রী দীপা দেবী জানান, আমি সেই সময় রান্না করছিলাম। স্বামী গিয়েছিল কাজে। একমাত্র ছেলে কে ওই মহিলা চোর প্রশ্ন করে বাবা কোথায়। 


এরপরই ওই মহিলা দুষ্কৃতী ঘরে ঢুকে চাবি আলমারীর লকার খুলে দুটি সোনার আংটি,দুটি কানের দুল ও সোনা দিয়ে বাঁধান পলা নিয়ে পালিয়ে যায়। পাড়ার কিছু বাচ্চা ছেলে বিষয়টি বুঝতে পেরে আমায় জানালে, ফোন করে স্বামীকে বাড়িতে ডাকি। ঘটনার খবর পেয়ে দ্রুত কর্মস্থল থেকে বাড়িতে ফেরেন গৃহকর্তা স্বপন দেবনাথ। বাড়িতে ফিরেই চক্ষু চরক গাছ। এরপরই স্বপন দেবনাথ নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে দিনে দুপুরে বাড়িতে ঢুকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সূত্রের খবর এদিন শ্মশানঘাট এলাকা থেকে সন্দেহ হওয়ায় দুজন শিশু সহ এক মহিলা কে আটক করা হয়। সূত্রের খবর ওই মহিলার কাছ থেকে নগদ দশ হাজার টাকা উদ্ধার হয়। এক সঙ্গে এত টাকা তার কাছে এল কিভাবে, পুলিশের এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি আটক হওয়া ওই মহিলা। উল্লেখ থাকে যে, সোমবার একই ওয়ার্ডের প্রাচীনমায়াপুর জন্মস্থান পাড়ায় ঠিক একই কায়দায় চুরির চেষ্টা করেও ব্যর্থ হয় চোর। 


জন্মস্থান পাড়ার বাসিন্দা শহরের একটি ঔষধের দোকানের কর্মী সঞ্জীব দেবনাথ জানান, সোমবার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে গিয়েছিলাম। বাড়িতে একাই ছিল বছর সত্তরের পিসিমা ভারতী দেবনাথ। পিসিমা আমাদের জানায়, বেলা এগারোটা নাগাদ এক মহিলা হাতে ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আর তার সঙ্গী একটি বছর সাত আটের ছেলে ঘরে ঢুকে এদিক ওদিক কি যেন খুঁজছে। প্রশ্ন করতেই দে ছুট। এরপরই ওই মহিলা সহ বাচ্চাটি এলাকা ছাড়া হয়ে যায়। এদিকে বেশকিছু দিন বিরতির পর ফের শহরে চুরির ঘটনায় আতঙ্কিত চৈতন্যভূমি নবদ্বীপ শহরের আপামর বাসিন্দা। শহরবাসীর প্রশ্ন শহরজুড়ে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার পরও দিনে দুপুরে চুরির মত ঘটনা ঘটল। এখন দেখার চুরির কিনারা করতে পারে কিনা। কেননা বিগত দিনে ছোট বড় প্রচুর চুরির ঘটনা ঘটেছে নবদ্বীপ শহরে। দু একটি ছাড়া কোনোটাই আজ পর্যন্ত কিনারা হয়নি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.