তিন দিনের মধ্যে সুন্দরবনের জঙ্গলে ফের বাঘের দেখা - The News Lion

তিন দিনের মধ্যে সুন্দরবনের জঙ্গলে ফের বাঘের দেখা

 


দি নিউজ লায়নঃ   ব্যবধানটা ঠিক 72 ঘন্টার। সুন্দরবনের জঙ্গলে ফের দেখা মিলল রয়‍্যাল বেঙ্গলের। এবার ঘটনাস্থল পিরখালি 2। এই নিয়ে চলতি মাসে সপ্তমবার সুন্দরবনে বাঘের দেখা পেলেন পর্যটকেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৩ জানুয়ারি কলকাতা থেকে একদল পর্যটক সুন্দরবন আসে ভ্রমণের জন্য।গদখালি থেকে পর্যটকদের দলটি লঞ্চে ওঠে।পরের দিন সকালে গোসাবায় বিদ্যা নদীতে লঞ্চটি যাওয়ার সময় পর্যটকরা দেখতে পায় পিরখালি 2 জঙ্গল থেকে একটি বাঘ সাঁতার কেটে নদীর চরে উঠে জঙ্গলের অন‍্যপ্রান্তে  ঢুকে যাচ্ছে।


 অন্তত দশমিনিট বাঘটিকে দেখা গিয়েছে বলে দাবি পর্যটকদের। যেভাবে ঘন ঘন জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে পর্যটকদের দেখা দিচ্ছে তাতে আগেই আশঙ্কা প্রকাশ করেছেন সুন্দরবন গবেষকদের একাংশ। যারা রয়‍্যাল বেঙ্গল নিয়ে গবেষণা করেন তারা মনে করছেন বিষয়টি মোটেই স্বাভাবিক নয়। ওয়াকিবহাল মহলের মতে, বাঘ জঙ্গল থেকে বেরিয়ে আসার পেছনে প্রথম এবং প্রধান যে কারণটি থাকতে পারে সেটি হল জঙ্গলে খাবারের অভাব। যদি বাঘের সংখ্যা সুন্দরবনের জঙ্গলে বেড়ে গিয়ে থাকে এবং সেই অনুপাতে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার না থাকে তাহলে বাঘ জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে পারে এবং আশপাশের যে সমস্ত লোকালয় রয়েছে সেখানে ঢুকে পড়তে পারে খাদ্যের সন্ধানে। তাই বিষয়টি খতিয়ে দেখা উচিত। 


জঙ্গলে বাঘের শিকার হরিণ, বুনো শুয়োর প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা। দ্বিতীয় কারণটি হতে পারে পর্যটকেরা হয়তো তিনটি বা চারটি বাঘকে বারবার দেখছেন। খুব সম্ভবত এই বাঘগুলি ম‍্যান ইটার বা নরখাদকে পরিণত হয়েছে। তারা জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে মানুষ শিকার করতে চাইছে। আদৌও এই ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটিও বনদপ্তরের খতিয়ে দেখা উচিত। সম্প্রতি সুন্দরবন লাগোয়া বসিরহাট থেকে খাঁচা পেতে একটি বাঘকে ধরা হয়। পরে দেখা গিয়েছিল বাঘটির দাঁতে গুরুতর সমস্যা রয়েছে। শিকার করতে সমর্থ নয়।


 তখনই অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন এই বাঘটি নরখাদক। এই ধরনের আরও কিছু বাঘ সুন্দরবনের জঙ্গল রয়েছে কিনা সেটিই খতিয়ে দেখতে হবে। অনেকে বলছেন সম্প্রতি আম্ফান ঘূর্ণিঝড় এর জেরে সুন্দরবনের বাদাবনে ব্যাপক ক্ষতি হয়েছে। তার জেরে জঙ্গলে কোন রকম পরিবর্তন হয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখতে হবে। যদিও সেই সম্ভাবনা কতটা জোরালো তা নিয়ে বিতর্ক রয়েছে। সব মিলিয়ে বারবার সুন্দরবনের জঙ্গলের বাঘ দেখতে পাওয়ার ঘটনায় একদিকে যেমন পর্যটকরা উচ্ছ্বসিত আরো বেশি করে পর্যটক সম্মুখীন হচ্ছেন অন্যদিকে তেমনি চিন্তায় রয়েছেন বনদপ্তরের আধিকারিকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.