প্রেমের সম্পর্কে বাঁধা, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুগল
দি নিউজ লায়নঃ দুটি পরিবার থেকে সম্পর্ক মেনে না নেওয়ায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো যুগল। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় নলপুর স্টেশনের কাছে। মৃতেরা হল পুনম রায় (২১), ও অনুশ্রী দাস (১৭) । মৃত যুবক উলুবেড়িয়া কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং মৃত কিশোরী মাধ্যমিক পরীক্ষার্থী। শালিমার জিআরপি মৃতদেহটি দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
জানা গেছে স্কুলে পড়ার সময় থেকে রাজাপুর থানার ঘর ভাড়া বাসুদেবপুরের বাসিন্দা পুনমের সঙ্গে পাঁচলা থানার সাহাপুরের বাসিন্দা অনুশ্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্থানীয় সূত্রে খবর দুজনের এই সম্পর্কের কথা দুটি পরিবারে জানাজানি হওয়ার পর তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় একাধিকবার দুজনে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। সূত্রের খবর সেইমতো শনিবার অনুশ্রী মাধ্যমিক পরীক্ষার ফরম ফিলাপ করার পরে পুনমের সঙ্গে পালিয়ে পুনমের এক আত্মীয়ের বাড়ি চলে যায়। এদিকে মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর অনুশ্রীর বাবা পাঁচলা থানা অপহরণের অভিযোগ দায়ের করে। অন্যদিকে ছেলেকে খুঁজে না পেয়ে পুনমের বাবা দিলীপ রায় রাজাপুর থানা অভিযোগ দায়ের করতে যায়। দিলীপ রায়ের অভিযোগ অনুশ্রী নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই পাঁচলা থানার পুলিশ মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য একাধিকবার চাপ দেয় এমনকি মেয়েকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত কোন অভিযোগ নেওয়া হবে না বলেও তার অভিযোগ।
এদিকে তাদের পুলিশ খোঁজ করছে এই খবর পাওয়ার পর সোমবার পুনম ও অনুশ্রী পুনমের আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে রাতে নলপুর স্টেশনের কাছে আসে। পরে রাতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় তারা। এদিকে দুই যুগলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। স্থানীয় বাসিন্দাদের মতে এর আগেও দুজনে বাড়ি থেকে চলে গিয়েছিল তবে আবার ফিরে এসেছিল। এবারে আর ফিরল না।

Post a Comment