গৃহবধূকে খুনের অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার - The News Lion

গৃহবধূকে খুনের অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার

 


দি নিউজ লায়নঃ  এক গৃহবধূকে খুনের অভিযোগে স্বামী ও শ্বশুরকে পুলিশ গ্রেপ্তার করল। অভিযোগ গৃহবধূকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। ঘটনাটি জামালপুর থানা এলাকায়। ধৃতদের নাম জয়ন্ত বাগ ও হীরু বাগ। জামালপুর থানার হুসুমপুরে তাদের বাড়ি। মৃতার নাম সুজাতা বাগ (১৮)। শক্তিগড় থানার হীরাগাছিতে তাঁর বাপেরবাড়ি। 


পুলিস জানিয়েছে, বিয়ের কিছুদিন পর থেকে শ্বশুরবাড়িতে সুজাতার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। স্বামী তাঁকে সন্দেহ করত। রাতে মদ খেয়ে হামেশাই তাঁকে মারধর করত। বৃহস্পতিবার রাতে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন সুজাতা। তাঁকে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভরতির ঘন্টাখানেক পর তিনি মারা যান। মৃতার কাকা বাবলু বাগের অভিযোগ, তাঁর ভাইঝিকে বিষ খাইয়ে মেরে ফেলেছে শ্বশুরবাড়ির লোকজন। তিনিই থানায় অভিযোগ দায়ের করেন।


 তার ভিত্তিতে বধূ নির্যাতন ও খুনের ধারায় মামলা রুজু হয়েছে। এরপরই শুক্রবার রাতে বাড়ি থেকে পুলিস দুজনকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে মৃতার স্বামী জয়ন্তকে ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। মৃতার শ্বশুরকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২১ জানুয়ারি ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.