ঝাড়গ্রাম জেলায় হাতির তাণ্ডবে ভাঙলো তেরোটি বাড়ি, এলাকা জুড়ে আতঙ্ক
দি নিউজ লায়নঃ কয়েকদিন ধরেই হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে।ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে হাতির তাণ্ডব শুরু করেছে। হাতির তাণ্ডবে যেমন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে ,তেমনি ঘরবাড়ির ক্ষতি হচ্ছে, সেই সঙ্গে প্রাণহানির ঘটনা ঘটছে। কিন্তু বন দফতর কে বারবার জানানো সত্ত্বেও হাতিগুলিকে অন্যত্র তাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। বুধবার ভোররাতে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের আঁধারীশোল গ্রামে হাতির দল ঢুকে পরপর আটটি বাড়ি ভাঙচুর করে তাণ্ডব চালায় কোনক্রমে প্রাণে বেঁচে যায় ওই বাড়ি গুলির বাসিন্দারা।
সেইসঙ্গে পার্শ্ববর্তী সোরো গ্রামে ঢুকে তিনটি বাড়ি ভাঙচুর করে হাতির দল। যার ফলে ওই গ্রামগুলিতে হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। প্রচণ্ড শীত সত্ত্বেও বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা হাতির হামলা আটকাতে গ্রাম পাহারা দিচ্ছে রাত জেগে। হাতির দল গ্রামে ঢুকে একদিকে ফসলের ক্ষতি করছে অন্যদিকে বাড়ির ক্ষতি করছে। সম্প্রতি হাতির হামলায় তিন জনের মৃত্যু হয়েছে ঝাড়গ্রাম জেলায়। যখন তখন রাস্তার উপরে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। তা সত্ত্বেও বন দপ্তর চুপ করে বসে রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
বিভিন্ন দলে ভাগ হয়ে গ্রামে ঢুকে পড়ছে হাতি যার ফলে সমস্যায় পড়েছেন জঙ্গলমহল এলাকার বাসিন্দারা ।ঝাড়গ্রাম ব্লকের পাশাপাশি বেলিয়াবেড়া, নয়াগ্রাম, সাঁকরাইল ,জামবনি,লালগড়,বিনপুর,বেলপাহাড়ী থানার বিভিন্ন এলাকায় হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে। তাই চিন্তার ভাঁজ কপালে পড়েছে আলুচাষিদের ।মাঠে গিয়ে হাতির দল আলু চাষের ব্যাপক ক্ষতি করছে ।খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। এছাড়া দলছুট কয়েকটি হাতি বিভিন্ন এলাকায় রাস্তার উপরে দাঁড়িয়ে তাণ্ডব শুরু করেছে।
তাই শীতের সময় হাতির হামলায় প্রাণহানির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। বুধবার ভোরে যেভাবে হাতির দল দুটি গ্রামে ঢুকে পড়ে তাতে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। ওই দুটি গ্রামে বাড়ি ভাঙচুর করে কয়েকটি বাড়ি ধ্বংস করে দিয়েছে। আবার ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া এলাকায় বাড়িতে ঢুকে ধানের বস্তা বের করে হাতির দল খেয়েছে ।তাই হাটির হামলার হাত থেকে কিভাবে গ্রামবাসীরা রক্ষা পাবে তা নিয়ে চিন্তায় পড়েছেন ঝাড়গ্রাম ব্লকের জঙ্গল ঘেরা গ্রাম গুলির বাসিন্দারা। বনদপ্তর এর পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যাদের হাতির হামলায় ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
Post a Comment