বৃদ্ধার পেনশন অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করল জেলা আদালত - The News Lion

বৃদ্ধার পেনশন অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করল জেলা আদালত

 


দি নিউজ লায়নঃ   বৃদ্ধার পেনশন অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করল জেলা আদালত। পুলিস জানিয়েছে, বর্ধমান শহরের গোলাপবাগ মোড়ের বাসিন্দা শিপ্রা ঘোষের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পেনশন অ্যাকাউন্ট রয়েছে। গত বছরের ১১ জুন বেলা আড়াইটা নাগাদ ব্যাংক অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে। তাঁর কাছ থেকে এটিএমের তথ্য জানতে চাওয়া হয়। সরল বিশ্বাসে তিনি এটিএমের তথ্য দিয়ে দেন। তাঁর মোবাইলে আসা ওটিপিও তিনি দিয়ে ফেলেন। 


দিন চারেক পর তাঁর মোবাইলে অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা গায়েব হয়ে যাওয়ার মেসেজ আসে। মেসেজ পাওয়ার পর ব্যাংকে গিয়ে তিনি খোঁজখবর করেন। ব্যাংক থেকে তাঁকে অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় ৩ লক্ষ ৫ হাজার টাকা তুলে নেওয়ার কথা জানানো হয়। এরপরই তাঁর ছেলে ঘটনার কথা জানিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস টাকা হাতানোয় বিহারের পাটনার কয়েকজনের জড়িত থাকার কথা জানতে পারে। অভিযুক্তদের পলাতক দেখিয়ে চার্জশিট পেশ করে পুলিস। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারির আবেদন জানানো হয় পুলিসের তরফে।


 গ্রেপ্তার এড়াতে আগাম জামিনের আবেদন জানায় বিহারের পাটনার বাসিন্দা আশিস কুমার। শুক্রবার সেই আবেদনের শুনানি হয়। অভিযুক্তের আইনজীবী আদালতে জানান, তদন্ত সম্পূর্ণ করে পুলিস চার্জশিট পেশ করেছে। তাই, তদন্তের প্রয়োজনে ধৃতকে আটকে রাখার দরকার নেই। সরকারি আইনজীবী আদালতে বলেন, চক্রটি বহু মানুষের এভাবে ঠকাচ্ছে। নিরীহ মানুষ তাদের খপ্পড়ে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন। তাই, অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ হওয়া উচিত। দু’পক্ষের সওয়াল শুনে জেলা জজ পার্থসারথি সেন অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.