ভারতে টিকার অনুমোদনের খবরে বাংলাদেশের পুঁজিবাজারে ‘চাঙ্গাভাব’
বাংলাদেশ প্রতিনিধি: ভারতে কোভিড-১৯ এর টিকা অনুমোদনের খবরে বাংলাদেশের প্রধান ২ পুঁজিবাজারে ‘চাঙ্গাভাব’ দেখা গেছে। রবিবার (৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানির মধ্যে ২৬১টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫২টির আর ৪৮টির অপরিবর্তিত ছিল। বিনিয়োগকারীরা বলেন, ‘ভারতে টিকা অনুমোদন বাংলাদেশের জন্যও আশাবাদ। এর কারণ বাংলাদেশ ভারতের সিরাম ইন্সটিটিউটের সাথে টিকার জন্য চুক্তি করেছে।’
গত ৫ নভেম্বর সিরাম ইন্সটিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয় বাংলাদেশ সরকারের। এর আওতায় প্রথম দফায় তিন কোটি ডোজ অক্সফোর্ডের টিকা কেনার কথা রয়েছে। আজ ভ্যাকসিনের অনুমোদনের খবরে পুঁজিবাজারে বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দাম ১০ শতাংশ বেড়েছে। অন্যদিকে, বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।
উল্লেখ, রবিবার (৩ জানুয়ারি) ভারতের ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এক সংবাদ সম্মেলনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও তাদের দেশীয় প্রতিষ্ঠান ভারত বায়োটেকের টিকা অনুমোদনের ঘোষণা দেয়।

Post a Comment