সদ্য বিজেপি তে যোগ দেওয়া প্রাক্তন বস্ত্রমন্ত্রীকে বিজেপি প্রার্থী ঘোষনা করে দাদার অনুগামীদের পোস্টার বিষ্ণুপুরে - The News Lion

সদ্য বিজেপি তে যোগ দেওয়া প্রাক্তন বস্ত্রমন্ত্রীকে বিজেপি প্রার্থী ঘোষনা করে দাদার অনুগামীদের পোস্টার বিষ্ণুপুরে

 


দি নিউজ লায়নঃ     বাঁকুড়ার তালডাংরার পর এবার বিষ্ণুপুর। ভাজপা রাজ্য নেতৃত্বকে না জানিয়েই একতরফা প্রার্থী ঘোষণা করে দিল শুভেন্দু 'দাদার অনুগামী'রা। বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুরের মটুকগঞ্জ ও চকবাজার এলাকায় দেখা যায় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি ও নাম দিয়ে এবং তাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করে একাধিক পোস্টার লাগানো হয়েছে। যাবতীয় পোস্টার লাগানো হয়েছে দাদার অনুগামীদের ব্যানারে। গোটা ঘটনায় ক্ষুব্ধ জেলার আদি বিজেপি কর্মীরা। 


তাদের অভিযোগ যেভাবে দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির কোন নেতৃত্বকে না জানিয়ে একতরফাভাবে শুভেন্দু অনুগামীরা শ্যামাপ্রসাদ মুখার্জির নাম ঘোষণা করে দিয়েছে প্রার্থী হিসেবে তা দলীয় অনুশাসনের বিরোধী। শীর্ষ নেতৃত্বের উচিত এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া। তাছাড়া শ্যামাপ্রসাদ মুখার্জীকে নিয়েও তীব্র আপত্তি রয়েছে জেলা বিজেপি নেতৃত্বের। তাদের অভিযোগ, তিনি একাধিক দুর্নীতিমূলক কাজে জড়িত ছিলেন। এমনকি তাকে দলে নেওয়া নিয়েও একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে। তাই এই ধরনের একজন ব্যক্তি কে কিভাবে প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো দলীয় নেতৃত্ব কে না জানিয়ে তা যথেষ্ট বিস্ময়ের ব্যাপার। যদিও ব্যানার লাগানোর ব্যাপারে তিনি কিছু জানেন না বলে দায় এড়িয়ে গিয়েছেন শ্যামাপ্রসাদ। 


মুখ বাঁচাতে তার সাফাই এইসব কিছুই না কি করছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, যা হচ্ছে সবটাই শুভেন্দু বনাম বাঁকুড়া জেলার আদি বিজেপির লড়াই। শুভেন্দুর নেতৃত্বে যারা নব্য বিজেপি হয়েছে তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ রয়েছে আদি বিজেপি নেতা কর্মীদের। তাই তাদের ওপর চাপ বাড়াতে এই ধরনের পোস্টার লাগানো হয়েছে। আগামী দিনে বাঁকুড়া জেলায় বিজেপি দলটাই গোষ্ঠী কোন্দলের জেরে উঠে যাবে বলে দাবি তৃণমূলের। প্রসঙ্গত, মাত্র একদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অনুগামী জয়ন্ত মিত্রকে তালডাংরায় বিজেপি প্রার্থী হিসাবে দাবি করে দাদার অনুগামীরা বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙায়। যা নিয়ে দলের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। তার রেশ কাটার আগেই এবার আর এক শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামাপ্রসাদকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দাদার অনুগামীরা পোস্টার লাগানোয় চরম অসন্তোষ বাঁকুড়া জেলা বিজেপির অন্দরে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.