তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়া, হাওড়ার ইছাপুরে উত্তেজনা
দি নিউজ লায়নঃ হাওড়ার ইছাপুর শিয়ালডাঙায় তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। যার জেরে শনিবার সকালে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতের অন্ধকারে কে বা কারা ওই ঘটনা ঘটায় বলে অভিযোগ। এই ঘটনায় হাওড়ার জগাছা থানা ও দাসনগর থানা অভিযোগ জানিয়েছে তৃণমূল। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের অভিযোগের আঙুল বিজেপির দিকে।
এদিকে, শনিবার সকালে ঘটনার খবর পেয়ে জগাছা থানার পুলিশ সকালে ঘটনাস্থলে আসে। যে পতাকাগুলি খুলে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল সেই পতাকাগুলি উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য বলেন, "তৃণমূলের পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়ে তৃণমূলকে কোনওভাবেই আটকানো যাবে না।
যারাই করছে এটা অত্যন্ত রুচিহীন সংস্কৃতি আমদানি করছে। ভারতের মতো গণতান্ত্রিক দেশে প্রত্যেককেই গণতান্ত্রিক স্পেস দিতে হবে। গণতান্ত্রিক দেশে এটা স্বৈরতন্ত্রের দিক নির্দেশ করে। তিনি আরও জানিয়েছেন, দলের পক্ষ থেকে জগাছা থানা এবং দাশনগর থানায় অভিযোগ জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সিসিটিভি দেখে যে বা যারা এমন ঘৃণ্য কাজ করেছে তাদের ধরার দাবি তুলেছে তৃণমূল।

Post a Comment