পরিত্যক্ত পাথর খাদানে দুই নাবালিকার মৃতদেহ উদ্ধার, প্রাথমিক অনুমান আত্মহত্যা - The News Lion

পরিত্যক্ত পাথর খাদানে দুই নাবালিকার মৃতদেহ উদ্ধার, প্রাথমিক অনুমান আত্মহত্যা

 


দি নিউজ লায়নঃ  পরিত্যক্ত পাথর খাদানে উদ্ধার হল দুই নাবালিকার মৃতদেহ। বুধবার রাত থেকে আসানসোল উত্তর থানার কাল্লা চাষী পট্টি এলাকায় ওই দুই নাবালিকা নিখোঁজ ছিল। আজ তাদের বাড়ির অদূরে ছাতা পাড়ায় পরিত্যক্ত খাদান থেকে উদ্ধার হয় দুজনের মৃতদেহ। মৃত দুজনের নাম নিশা কুমারী ও সিম্পা কুমারী। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে শৌচকর্ম করতে যাবে বলে নিশা ও সিম্পা দুজনে বেরিয়েছিল।


 তারপর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি দু'জনকে। রাতেই থানায় বিষয়টি জানানো হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা জানতে পারে পাথর খাদানে নিখোঁজ দুই নাবালিকার দেহ ভাসতে দেখা গিয়েছে। খবর পেয়ে তারা  পরিতক্ত পাথর খাদানে ছুটে যান। ঘটনাস্থলে পুলিশ আসে।  বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেয়। দীর্ঘক্ষনের চেষ্টায় উদ্ধার হয় দুই নাবালিকার মৃতদেহ।


এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে ওই এলাকায়। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়েও রহস্য ঘনীভুত হয়েছে। জানা গেছে নিশা কুমারী বিহারে মামাবাড়িতে থাকত। সম্প্রতি এসেছিল। শৌচকর্ম করতে গিয়ে দুজনে কি দুর্ঘটনার শিকার হল, নাকি আত্মহত্যা বা খুন। পুলিশ তদন্ত করে দেখছে। তবে রহস্য বাড়িয়েছে, দুজনের জামা একসঙ্গে বাঁধা ছিল৷ পুলিশের অনুমান আত্মহত্যা করেছে দুজনে। কিন্তু কেন? তার কোনও উত্তর মেলে নি। এ প্রসঙ্গে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 


মৃতদেহ আপাতত ময়না তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তারপরই নিশ্চিত করে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। কিন্তু দুজনে কেন একসঙ্গে আত্মহত্যা করতে গেল পুলিশ তা তদন্ত করে দেখবে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.