স্কুলে মিড-ডে-মিল নিতে যাওয়ার পথে রাস্তা থেকে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ
দি নিউজ লায়নঃ স্কুলে মিড-ডে-মিল নিতে যাওয়ার পথে রাস্তা থেকে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠলো এক দুষ্কৃতীর বিরুদ্ধে। এমনকি অপহরণকারী ওই দুষ্কৃতী ওই ছাত্রীর পরিবারে ফোন করে তাদের মেয়েকে বিক্রি' করে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ। পুরো ঘটনাটি নিয়ে পুলিশে অভিযোগ জানানোর পরেও কোন সুরাহা না হওয়ায় অবশেষে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন অপহৃত ওই অষ্টম শ্রেণীর ছাত্রীর পরিবার। ঘটনাটি ঘটেছে চাচল থানার মল্লিক পাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচলের মল্লিক পাড়ার বাসিন্দা মিন সাহানা ইয়াসমিন (১৪) রানী দ্রাক্ষায়িনী উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত ৬ থেকে ১০ জানুয়ারি ছিল স্কুলে মিড ডে মিলের চাল, ডাল, আলু এবং সাবান দেওয়ার কর্মসূচি। যদিও করোনা আবহে এইসব সংগ্রহ করতে অভিভাবকদেরই স্কুলে যাওয়ার নিয়ম। তবুও অষ্টম শ্রেণির ওই ছাত্রী মিন সাহানা ইয়াসমিন নিজেই স্কুলে যায়। গত ৭ জানুয়ারি স্কুলের উদ্দেশ্যে বেলা সারে দশটা নাগাদ ঘর থেকে বেরোয় ইয়াসমিন। কিন্তু সে আর ঘরে ফেরে নি। অনেক খোঁজাখুঁজির পরে সন্ধ্যা বেলায় ইয়াসমিনের দিদির মোবাইলে একটি হুমকি ফোন আসে। মহম্মদ আশিফ নামের এক যুবক ফোনে জানায় সে ইয়াসমিনকে অপহরণ করেছে।
তাঁর কথা না মানলে ইয়াসমিনকে বিক্রি করে দেবে। সে জানায় চাঁচলে তাঁর শ্বশুর বাড়ি, যেখানে তাঁর শিশু পুত্র রয়েছে। শ্বশুর বাড়ির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নেই। তাঁর সেই শিশু পুত্রকে এনে দিলে তবেই ইয়াসমিনকে সে ফেরৎ দেবে। ওই ছাত্রীর অভিভাবকদের আশঙ্কা, আশিফ যেভাবে হুমকি দিয়েছে তাতে ইয়াসমিনকে নিয়ে সে বাংলাদেশে পালিয়েছে। বাংলাদেশে যাতায়াত আশিফের আগে থেকেই ছিল বলে স্থানীয় বাসিন্দারা অনেকেই জানেন। তবে এই বিষয়ে পুলিশ এখনো মুখ খোলে নি। পুলিশ সুপার অলোক রাজোরিয়া বিষয়টি নতুন করে তদন্ত শুরু করেছেন বলেই জানা গিয়েছে।

Post a Comment