মমতার সমর্থনে দেওয়াল লিখন হাওড়ায়
দি নিউজ লায়ন ; মমতার নেতৃত্বে বাংলার ২৯৪ টি আসনে লড়বে তৃণমূল। জিতবে তৃণমূল। মুখ্যমন্ত্রীকে আগাম শুভেচ্ছা জানিয়ে এবং তৃণমূল প্রার্থীদের জয়ী করার আর্জি জানিয়ে এবার হাওড়ায় মমতার নামে দেওয়াল লিখলেন তৃণমূল কর্মীরা। হাওড়ার বালিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নামে দেওয়াল লেখেন এলাকার তৃণমূল কর্মীরা।
দেওয়ালে লেখা হয়েছে, "আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম সহ ২৯৪টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জননেত্রী মমতা ব্যানার্জিকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।" এমনই দেওয়াল লিখন শুরু হয়েছে বালি বিধানসভার অন্তর্গত জিটি রোডে। তৃণমূল যুব'র রাজ্য সম্পাদক কৈলাস মিশ্রার নেতৃত্বে এমন দেওয়াল লিখন দেখা গেছে।
তিনি বলেন, "বাংলার মানুষের আবেগের নাম মমতা। কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, সবুজ সাথী প্রভৃতি এমন সব প্রকল্প উনি করেছেন তাতে মানুষের মনের মধ্যে রয়েছেন তিনি। এখন স্বাস্থ্যসাথী প্রকল্প করেছেন। তাই আগামী দিনে সব কেন্দ্রের প্রার্থী থাকবেন মমতা। আমরা দেওয়াল লিখনে একদিকে দেখিয়েছি ২৯৪টি আসনে দিদিই প্রার্থী। আরেকদিকে দেখিয়েছি মীরজাফরদের, যারা গদ্দারি করে দল থেকে চলে যাচ্ছেন।"

Post a Comment