পুতিনের কট্টর সমালোচক নাভালনির বহু সমর্থক আটক
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সেই নাভালনির সমর্থকরা দেশেটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। গতকাল শনিবারের বিক্ষোভস্থল থেকে নাভালনির বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহচরকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবরে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে রয়েছেন নাভালনির মুখপাত্র ও একজন আইনজীবী।
নাভালনি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে জার্মানিতে চিকিৎসা শেষে রবিবার দেশে ফেরেন। বিমানবন্দর থেকেই তাকে আটক করে পুলিশ। প্যারোলে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার একটি মামলায় তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠান মস্কোর একটি আদালত। নাভালনিকে বন্দি রাখার পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিক্ষোভের ডাক দেন তার সমর্থকরা। অন্তত ৬০ শহরে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়।
গতকাল সকালে রাশিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয়। ভ্লাদিভোস্তক শহরে প্রায় তিন হাজার আন্দোলনকারী নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। তবে স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এই সংখ্যা ৫০০ হতে পারে। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে দাঙ্গা পুলিশ।
এ ছাড়া সাইবেরিয়ার ইয়াকুটস্ক শহরে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র শীত উপেক্ষা করে বিক্ষোভ করেছেন নাভালনির সমর্থকরা। মিছিল পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ওভিডি ইনফো জানিয়েছে, রাশিয়াজুড়ে এখন পর্যন্ত ৪৮ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১৩ জনকেই গ্রেপ্তার করা হয়েছে খাবারোভস্ক শহর থেকে।

Post a Comment