গাঁজার ঠেকের প্রতিবাদ করায় প্রতিবাদীকে খুনের হুমকি
দি নিউজ লায়ন ; গাঁজার ঠেকের প্রতিবাদ করায় প্রতিবাদীকে খুনের হুমকি। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও কেউ গ্রেপ্তার হয় নি। জানা যায়, গৃহস্থের বাড়ির পিছনে গাঁজা গাছ লাগিয়ে সেখানেই প্রতিদিন গাঁজা ও মদের ঠেক বসাতো একদল যুবক। এই বিষয়ে পুলিশের কাছে নালিশ করায় প্রতিবাদী মহিলাকে খুনের হুমকির অভিযোগ উঠলো নেশা আসক্ত যুবকদের বিরুদ্ধে।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরের ৪ নম্বর শাঁখারিপুকুর এলাকায়। জানা যায়, ওই এলাকার বাসিন্দার বিদিশা গোস্বামী। তিনি ও তাঁর বৃদ্ধা মা সহ ছয় জন মহিলা মিলে থাকেন। মহিলার অভিযোগ, তাঁর বাড়ির পিছনের ফাঁকা জায়গায় গাঁজা গাছ লাগিয়েছে একদল যুবক। তারাই ওই জায়গাটিতে গাঁজা ও মদের ঠেক বানিয়েছে। সেখানেই যুবকরা প্রায় প্রতিদিনই দিনে দুপুরে গাঁজা ও মদের আসর বসায়। বিদিশা গোস্বামী আরো বলেন গাঁজা খাওয়ার প্রতিবাদ করে সোমবার বর্ধমান থানায় পুলিশকে তিনি জানান। তার পরেই পুলিশ পৌছেযায় যুবকরা যেখানে গাঁজার ঠেক বসাতো সেই জায়গায়।
পুলিশ অভিযোগ পেয়ে সমস্ত গাঁজা গাছ কেটে ফেলে দেওয়ার পাশাপাশি গাছ উপড়ে তুলে নষ্ট করে দেয়। ওই মহিলার অভিযোগ, নেশা আসক্ত যুবকরা তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়ির জানালার কাঁচ ভেঙে দেয়।
অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ওই যুবকরা তাঁদের প্রাণে মেরে দেবারও হুমকি দেয়। ওই মহিলা পুলিশের অভিযোগ জানিয়েছেন। বর্ধমান থানার এক পুলিশ অফিসার বলেন, ‘মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবকদের খোঁজ চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Post a Comment