৪৫০ গ্রাম ব্রাউন সুগার সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ
দি নিউজ লায়ন; গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম ব্রাউন সুগার সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার গভীর রাতে মহদিপুর গ্রাম পঞ্চায়েতের লোটন মসজিদ সংলগ্ন এলাকা থেকেই ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এই ব্রাউন সুগারের বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন মাদক কারবারির নাম আসাদুল শেখ (৩২), তাজেল মিঁয়া (২৫) ও আনোয়ার আলি (১৯)।
এদের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মহদিপুরের লোটন মসজিদ সংলগ্ন এলাকা থেকে ব্রাউন সুগার সহ ওই পাচারকরীদের গ্রেপ্তার করা হয়। ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানিয়েছেন, কালিয়াচক থেকে এই ব্রাউন সুগার গুলি নিয়ে আসা হচ্ছিল। পুরাতন মালদা থানার নারায়ণপুর এলাকায় এই ব্রাউন সুগার গুলি পাচার করার পরিকল্পনা নিয়েছিল অভিযুক্তরা। কিন্তু তার আগেই ওই তিনজন মাদক কারবারিকে ধরে ফেলা হয়েছে।
পাশাপাশি পুরো ঘটনাটি তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাচারের আগে আফিম আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জে। রবিবার রাত দশটা নাগাদ পুলিশ গোপন সূত্রে খবর পায় মাঠভাঙ্গার দিক থেকে আসা একটি গাড়িতে আফিম পাচার হচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে দুই ব্যক্তি সহ আফিম ও গাড়ি আটক করে। ধৃতদের নাম মহাদেব বিশ্বাস বাড়ি মেখলিগঞ্জের জামালদহ থানা এলাকায় ও সুজিত সরকার বাড়ি কোচবিহারে।
তাদের থেকে তল্লাশি করে 1 কেজি অপরিশোধিত আফিম (কালো রঙের) উদ্ধার করা হয়।অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর গ্রেফতার হওয়া ব্যক্তিদের যারা করে তারা কোথায় এই আফিম পাচার করছিল কোথা থেকে সেগুলি আনা হয়েছিল কারা এই চক্রের সঙ্গে জড়িত সেই সমস্ত বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে।

Post a Comment