বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থান দখল করতে চলেছে ভারত
দি নিউজ লায়নঃ বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থান দখল করতে চলেছে ভারত। এমনই তথ্য উঠে এসেছে সেন্টার ফর ইকনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের সমীক্ষায়। শনিবার প্রকাশিত সমীক্ষায় সিইবিআর জানাচ্ছে, ২০১৯ সালেই ব্রিটেনকে অর্থনীতির বৃদ্ধিতে ছাপিয়ে গিয়েছিল ভারত। তবে করোনা সংক্রমণের জেরে লকডাউন আর তার জেরে আর্থিক বৃদ্ধিতে জোর ধাক্কা খায় ভারত।
দাম পড়তে থাকে টাকার। ফলে ২০২০ সালে ফের ভারতকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে ব্রিটেন। আর্থিক অগ্রগতির এই হার বজায় থাকলে ২০২৫ সালেই পঞ্চম অর্থনীতিতে পৌঁছবে ভারত। অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি ২০২১ সাল থেকেই চাঙ্গা হবে দেশের আর্থিক বৃদ্ধির গতি।
এতে ২০২৭ সালে জার্মানিকে পিছনে ফেলে ও ২০৩০ সালে জাপানকে পিছনে রেখে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত বলে আশা। সিইবিআর রিপোর্ট জানাচ্ছে ২০২১ সালে আর্থিক বৃদ্ধির হার ৯ শতাংশ ও ২০২২ সালে ৭ শতাংশ প্রসারিত হবে। যদিও জানা গিয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যাবে চিন। ২০২৮ সালে ঘটবে এই ঘটনা।

Post a Comment