বস্তাবন্দি কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের কাদারোড এলাকায়
দি নিউজ লায়নঃ বস্তাবন্দি হাড়গোড় আর কঙ্কালের পাশাপাশি মৃত এক ব্যাক্তির শরীরের পচাগলা অংশ উদ্ধার দুর্গাপুরের কাদারোড এলাকায়। মঙ্গলবার সকালে ওয়ারিয়া ফাঁড়ির অন্তর্গত কাদারোডের যৌনপল্লী এলাকার একটি নর্দমার আবর্জনার স্তুপ থেকে বস্তাবন্দী এই মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা দেখে কুকুরগুলি ওই বস্তাটিকে টানাটানি করছে।তারপর খবর দেওয়া হয় পুলিশের কাছে।
পুলিশের প্রাথমিক অনুমান এই মৃতদেহ বেশ কয়েকমাস আগের। বিদ্যুৎ গতিতে এই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।উপস্থিতদের মধ্যে স্থানীয় সিমেন্ট কলোনীর বাসিন্দা এক দম্পতি জানান এলাকার বাসিন্দা মঙ্গল বাউরি(৩৫ বছর) গত চার মাস ধরে নিখোঁজ।সে নিরুদ্দেশ হওয়ার দিনে যে কালো হাফপ্যান্ট পরেছিল সেই রঙের প্যান্ট ওই বস্তা থেকে উদ্ধার হয়েছে। সেই পরিবারের স্পষ্ট দাবী এটি মঙ্গলের মৃতদেহ। ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহ। পুলিশের পক্ষ থেকে জানানো হয় তদন্ত শেষে বলা যাবে মৃতদেহটি মঙ্গল বাউরির কিনা।
ওই দম্পতির কাছে জানা যায় মঙ্গল বাউরির মা দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজ করতেন। মা মারা যাওয়ার পর মঙ্গল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সিমেন্ট কলোনির মাসির বাড়িতেই থাকত। প্রায় ১৮-২০ লক্ষ টাকা মঙ্গলের নামে রয়েছে বলেও তার আত্মীয়রা জানায়। গত সেপ্টেম্বর মাসের ৬ তারিখ সন্ধ্যা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল মঙ্গল। থানায় নিঁখোজ ডায়েরিও করা হয়ে। গোটা ঘটনায় এখন পুলিশ তদন্ত শুরু করেছে।ওই টাকার লোভে কি কেও তাকে খুন করে বস্তাবন্দি করে কাদারোড যৌনপল্লী লাগোয়া নির্জন এলাকায় ফেলে দেয়?গোটা ঘটনার তদন্তে নেমেছে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ।।

Post a Comment