হাজার চেষ্টা করলেও বাংলা গুজরাট হবে না, বাংলা বাংলাই থাকবে, সুজিত
দি নিউজ লায়ণঃ হাজার চেষ্টা করলেও বাংলা গুজরাট হবে না, বাংলা বাংলাই থাকবে- বসিরহাটের বাদুড়িয়ায় এভাবেই বিজেপিকে তুলোধোনা করলেন মন্ত্রী সুজিত বসু। বসিরহাট মহাকুমার বাদুড়িয়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তুষার সিংহের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন পরে দেখবেন, আগে সোনার ভারত গড়ুন। সোনার বাংলা কোন দিনই বিজেপি গড়তে পারবে না। এ বাংলা রবীন্দ্রনাথের নজরুলের কৃষ্টি কালচার দিয়ে তৈরি বাংলা। এই বাংলা কোনও দিন গুজরাট হবে না, বাংলা বাংলাই থাকবে।
সাম্প্রদায়িক রাজনীতির হাত থেকে বাংলার মানুষই বাংলাকে রক্ষা করবে। তিনি আরো বলেন বাইরে থেকে এসে কেউ মুখ্যমন্ত্রী হবে না বাংলার প্রতিনিধি বাংলা প্রতিনিধিত্ব করবে। তৃতীয়বারের জন্য তৃণমূল ২০২১ এর বিধানসভা নির্বাচনে সরকার গঠন করবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিজেপির অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে তৃণমূল কর্মীদের রুখে দাঁড়াতে বলেন তিনি। তিনি বলেন, যেভাবে রাজ্য সরকার সরকারি প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে পরিসেবা দিচ্ছে তার নজির পৃথিবীতে বিরল।
স্বাস্থ্য সাথী প্রকল্পে রাজ্যের ১০ কোটি মানুষ সুবিধা পাবে। রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে তারা পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বীমার চিকিৎসা পাবে বিনামূল্যে। পাশাপাশি দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প রাজ্যের প্রতিটি মানুষ সুবিধা পাবেন। কিন্তু বিজেপি এই সমস্ত কিছু নিয়ে অপপ্রচার চালাচ্ছে। মিথ্যে কথা বলছে। এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তৃণমূল কর্মীদের পথে নেমে প্রচার করতে হবে।
Post a Comment